চাঁদপুরে মাদক, কিশোর গ্যাং ও যানজট নিরসনে সমন্বিতভাবে কাজ করার আহ্বান
চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, মাদক নির্মূল-কিশোর গ্যাং রোধে সর্বদা চাঁদপুরে জিরো টলারেন্স। মাদক নির্মূলে সকলের সহযোগিতা কামনা করেন এবং যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশসহ জেলা পুলিশকে আরও কার্যকর ভূমিকা পালনের নির্দেশ দেন। তিনি মাদক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। সভায় জেলা পুলিশ, নৌ-পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আরও সক্রিয় হওয়ার তাগিদ দেন এমপি।
১৪ জুন রোববার চাঁদপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির সমন্বয় সভায় প্রধান অতিথি বক্তব্যে এমপি এসব কথা বলেন। অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান।
আইন শৃঙ্খলা সভার শুরুতে বিগত সভার সিদ্ধান্ত ও অগ্রগতি তুলে ধরেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা। গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পুলিশ সুপার মো. রবিউল হাসান, জেলা পরিষদের প্রশাসক একেএম সলিম উল্যা সেলিম।
এ সময় আইনশৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
স্টাফ করেসপন্ডেট/ ১৪ জুন ২০২৬