চাঁদপুরে প্রাইভেট মাদ্রাসা অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা

বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার উদ্যোগে শিক্ষকদের দক্ষতা ও মানোন্নয়নে দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা শনিবার (২ মে ) চাঁদপুর প্রেসক্লাবস্থ এলিট চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।

এদিন সকাল সাড়ে ৯টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী। তিনি বলেন, আমি দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত, বিশেষ করে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার সঙ্গে যুক্ত । আমার দাদা বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম এটি আহমেদ রুশদীর প্রতিষ্ঠিত শাহতলী জিলানী চিশতী কলেজ, শাহতলী কামিল মাদ্রাসাসহ বহুপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। যার কারণে শিক্ষার প্রসারে আমাদের পরিবারের অবদান দীর্ঘদিনের।

তিনি আরও বলেন, শিক্ষকদের বেতন-ভাতা ও আর্থিক অসচ্ছলতা একটি বড় বাস্তবতা। শিক্ষকরা কঠোর পরিশ্রমের মাধ্যমে জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাই শিক্ষকদের মানোন্নয়নে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। যত বেশি প্রশিক্ষণ গ্রহণ করা হবে, ততই শিক্ষার মান উন্নত হবে। বর্তমানে চাঁদপুরের প্রাইভেট মাদ্রাসাগুলো ভালো ফলাফল অর্জন করছে, যা অত্যন্ত ইতিবাচক দিক।

উদ্বোধনী অনুষ্ঠানে হেফজুল কোরআন শিক্ষা গবেষণা ফাউন্ডেশন এর চেয়ারম্যান হাফেজ মাওলানা আসাদুজ্জামান দেওয়ানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি ও আল আমিন মডেল মাদ্রাসার অধ্যক্ষ আ ন ম ফখরুল ইসলাম মাসুম। এ সময় বক্তব্য রাখেন হিফজুল কোরআন শিক্ষা গবেষণা ফাউন্ডেশন এর সেক্রেটারি মোহাম্মদ নুরুল ইসলাম, ইকরা তাহফিজুল কোরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক খালেদ সাইফুল্লাহ।
অনুষ্ঠানে প্রধান প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের কারিকুলাম বিশেষজ্ঞ ড.মোঃ হেদায়েত উল্লাহ, বিশেষ প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন সাকিব পাবলিকেশন্সের স্বত্বাধিকারী মাওলানা মোঃ খাইরুল বাশার।

একই স্থানে বিকেল ৩টায় সমাপনী ও সনদ বিতরণ করা হয়। বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি ও আল আমিন মডেল মাদ্রাসার অধ্যক্ষ আ ন ম ফখরুল ইসলাম মাসুমের সভাপতিতে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্নার ডেভেলপাস্ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রোটারিয়ান আব্দুল্লাহ আল মামুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিলশা মেডিকেল হাসপাতাল প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাওলানা আবু বকর সিদ্দিক। এ সময় আরও বক্তব্য রাখেন, আল-আমিন মডেল দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুস শুকুর মাস্তান, হেফজুল কুরআন শিক্ষা গবেষণা ফাউন্ডেশন এর প্রধান উপদেষ্টা হাফেজ মাওলানা আ জ ম ইসমাইল হোসেন আজাদ।

দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশাল সঞ্চালনায় ছিলেন মাওলানা আহমাদুল্লাহ চাঁদপুরী। অনুষ্ঠানের শুরুতেই দারুসুল কুরআন পেশ করেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ চাঁদপুর জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা নূর মোহাম্মদ খান।

-সাইদ হোসেন অপু চীেধুরী, ২ মে ২০২৬