চাঁদপুরে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান স্থলে জড়ো হচ্ছে নেতাকর্মী, এক নজর দেখতে মানুষের ঢল
আজ ১৬ মে চাঁদপুরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এই দিন খাল খনন ও ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিবেন তিনি। তারেক রহমানকে এক নজর দেখার জন্য সকাল থেকেই চাঁদপুরের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়ে হাজার হাজার মানুষের ঢল নেমেছে। জেলার বিভিন্ন উপজেলা ও প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ ব্যানার, ফেস্টুন ও দলীয় প্রতীক নিয়ে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান স্থলে জড়ো হতে দেখা যায়।
বিশেষ করে চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর এলাকায় চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের পাশে মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। নারী, পুরুষ, তরুণ ও বৃদ্ধসহ নানা শ্রেণি-পেশার মানুষ প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সকাল থেকেই অবস্থান নেন।
অনেকেই বলেন, দীর্ঘদিন পর চাঁদপুরে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে জেলার মানুষের মাঝে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। কেউ মোবাইলে ছবি ধারণ করছেন, কেউ আবার স্লোগানে স্লোগানে মুখর করে তুলছেন পুরো এলাকা।
এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে সাধারণ মানুষের চলাচল ও অনুষ্ঠানস্থলের নিরাপত্তা নিশ্চিত করা যায়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে চাঁদপুরজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
চাঁদপুরে প্রধানমন্ত্রী চূড়ান্ত সফরসূচির মধ্যে রয়েছে দুপুর ১২টা ৩০ মিনিটে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খোদ খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন, ১টা ৪৫ মিনিটে চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামের ঘোষের হাট সংলগ্ন বিশ্ব খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন, দুপুর ২টা ৩০ মিনিটে চাঁদপুর সার্কিট হাউসে বিরতি, বেলা ৩টা ৩০ মিনিটে চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণে উদ্বোধন এবং সবশেষে বিকেল ৫টায় চাঁদপুর ক্লাবে অনুষ্ঠিত জেলা বিএনপির সাংগঠনিক সভায় অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রতিবেদক:আশিক বিন রহিম
১৬ মে ২০২৬