চাঁদপুরে ট্রেনযাত্রীর ১৯ ভরি স্বর্ণ ছিনতাই, ১৮ ভরি উদ্ধারসহ গ্রেপ্তার ৩
চাঁদপুর বড় স্টেশনে ট্রেনযাত্রীর কাছ থেকে ১৯ ভরি স্বর্ণালংকার, নগদ ১ লাখ ২৫ হাজার টাকা ও তিনটি মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি)। এই ঘটনায় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ছিনতাইকৃত ১৮ ভরি স্বর্ণালংকার, নগদ ৪৮ হাজার টাকা ও একটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর প্রেস কনফারেন্সে এসব তথ্য জানান।
তিনি বলেন, গত ৫ নভেম্বর ভোর ৪টা ৫৬ মিনিটে চাঁদপুর রেলওয়ে থানাধীন বড় স্টেশনের প্ল্যাটফর্মে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ফরিদগঞ্জের বাসিন্দা ফাতেমা আক্তার চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে বড়স্টেশনে এলে ছিনতাইকারীরা তাঁর কাছ থেকে ১৯ ভরি স্বর্ণালংকার, নগদ ১ লাখ ২৫ হাজার টাকা ও তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৭ নভেম্বর ভোর ৪টা ১০ মিনিটে কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন মাইজকান্দি গ্রামের ২ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে জাহিদ ওরফে গরু জাহিদ (২১) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি চাঁদপুরের বড় স্টেশন শ্রমিক কলোনির বাসিন্দা। এ সময় তাঁর হেফাজত থেকে ছিনতাইয়ের নগদ ৪৮ হাজার টাকা ও একটি স্মার্টফোন উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত জাহিদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন রাত সাড়ে ৯টায় চাঁদপুর বড় স্টেশনের বরফকল ভিআইপি ঘাটের সিঁড়ির নিচে এবং নদীর পন্টুনের সুড়ঙ্গের ভেতর থেকে ১৮ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণালংকারের মধ্যে রয়েছে সাতটি চেইন, পাঁচটি আংটি, চার জোড়া কানের দুল, দুটি হাতের রুলি, একটি গলার হার ও একটি ব্রেসলে
জেলা গোয়েন্দা পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত তিনজনকেই গ্রেপ্তার করা হয়েছে। কোনো আসামি পলাতক নেই। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
প্রতিবেদক: আশিক বিন রহিম/
৮ নভেম্বর ২০২৬