চাঁদপুরের মানুষ ঐতিহ্যগতভাবে শান্তিপ্রিয় ও অসাম্প্রদায়িক: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি

চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় রামপুর ইউনিয়নের কামরাঙ্গা চাঁন্দেরবাগ শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে শ্রীশ্রী গীতা সংঘের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।

তিনি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের মানুষ যুগ যুগ ধরে নিজ নিজ ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধ নিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। ধর্মীয় উৎসবগুলো মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করে। ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এর মধ্যে রয়েছে অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে ন্যায় ও সত্য প্রতিষ্ঠার শিক্ষা। শ্রীকৃষ্ণের আদর্শ আমাদের সত্য, ন্যায়, মানবতা ও কল্যাণের পথে চলতে অনুপ্রেরণা দেয়।

তিনি আরো বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। বাংলাদেশে প্রত্যেক নাগরিকের নিজ নিজ ধর্ম পালন ও ধর্মীয় উৎসব উদযাপনের অধিকার রয়েছে। কোনো ধর্মীয় সম্প্রদায়ের মানুষ যেন নিজেদের নিরাপত্তাহীন মনে না করেন—এটা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের সবার দায়িত্ব।

শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, কেউ যদি ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করে, মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায় কিংবা কোনো ধর্মীয় সম্প্রদায়ের ওপর অন্যায়-অত্যাচার চালায়, তাহলে তার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। শান্তি ও সম্প্রীতি বিনষ্টকারীদের কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না।

তিনি বলেন, চাঁদপুরের মানুষ ঐতিহ্যগতভাবে শান্তিপ্রিয় ও অসাম্প্রদায়িক। রামপুরসহ চাঁদপুরের প্রতিটি এলাকায় সব ধর্মের মানুষের মধ্যে যে সৌহার্দ্য ও সম্প্রীতি রয়েছে, সেটি আমাদের ধরে রাখতে হবে। পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্বের মাধ্যমে একটি সুন্দর সমাজ গড়ে তুলতে হবে।

এমপি মানিক জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের অন্যায়ের বিরুদ্ধে ন্যায়, অসত্যের বিরুদ্ধে সত্য এবং হিংসার পরিবর্তে শান্তির পথে চলার প্রেরণা দিক। দেশ ও মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

রবিন্দ্র দাসের সভাপতিত্বে এবং উর্মী দাসেন পরিচালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক গোপাল সাহা, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি পরেশ মালাকার, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, রামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তালিম হোসেন পাঠান, সাধারণ সম্পাদক কাজী দ্বীল মোহাম্মদ, সিনিয়র সহ-সভাপতি তারেক হোসেন বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের মিজি, সাংগঠনিক সম্পাদক মানিক মুন্সি, জেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন পাটওয়ারী, সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগ এবং সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হানিফ কাকন, রামপুর ইউনিয়নের কামরাঙ্গা চাঁন্দেরবাগ শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দির কমিটির সভাপতি শিউলি দাসসহ মন্দির কমিটির নেতৃবৃন্দ, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্টাফ রিপোর্টার/
৬ সেপ্টেম্বর ২০২৬