কুয়েতে বিপুল মাদকসহ ফরিদগঞ্জের সাবেক ইউপি সদস্য আটক
কুয়েতের হাওয়ালি এলাকায় নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য সহ এক বাংলাদেশী প্রবাসীকে আটক করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।
মাদকসহ গ্রেফতারকৃত ব্যক্তি হলেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য সোহাগ গাজী।
ঘটনার বিবরণে জানা যায়, হাওয়ালি গভর্নরেটের সালমিয়া এলাকার একটি খোলা পার্কিং স্থানে উক্ত ব্যক্তির সন্দেহজনক চলাফেলা দেখে দায়িত্বরত টহল পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে নিষিদ্ধ উপাদান উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি স্বীকার করেন যে, তিনি ডিজিটাল বার্তার মাধ্যমে খদ্দেরদের নির্দিষ্ট স্থান জানিয়ে দিয়ে এসব নিষিদ্ধ দ্রব্য সরবরাহ করতেন।
পরবর্তীতে তার দেয়া তথ্যের ভিত্তিতে তার ব্যবহৃত বাসস্থানে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তল্লাশি চালানো হয়।
অভিযানে তার বাসস্থান থেকে বিপুল পরিমাণ ছোট প্যাকেটে সংরক্ষিত নিষিদ্ধ উপাদান, পরিমাপের সূক্ষ্ম স্কেল এবং সেবন সংক্রান্ত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
বর্তমানে আটককৃত ব্যক্তি এবং জব্দকৃত আলামতসমূহ পরবর্তী আইনগত পদক্ষেপের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং সমাজকে সুরক্ষিত রাখতে এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
ফরিদগঞ্জ প্রতিনিধি/
২৬ সেপ্টেম্বর ২০২৬