Home / সারাদেশ / কুমিল্লায় স্ত্রীকে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা: স্বামীর মৃত্যুদণ্ড
বৈদ্যুতিক

কুমিল্লায় স্ত্রীকে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা: স্বামীর মৃত্যুদণ্ড

কুমিল্লায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে বৈদ্যুতিক শক দিয়ে হত্যার দায়ে মো. আজাদ (৩২) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মোহাম্মদ সুলতান উদ্দীন প্রধান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আজাদ আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত মো. আজাদ কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বসন্তপুর গ্রামের মো. কবির হোসেনের ছেলে।

কুমিল্লা আদালতের পুলিশ পরিদর্শক মো. ছাদেকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে ২০২৩ সালের ২৭ জুলাই দিবাগত রাতে আজাদ তার স্ত্রী ও তিন সন্তানের জননী তানিয়া বেগমকে হাত-পায়ে বৈদ্যুতিক তার জড়িয়ে শক দিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেন। এ ঘটনায় নিহতের মা মায়া বেগম বাদী হয়ে ওই দিনই চৌদ্দগ্রাম থানায় জামাতা মো. আজাদকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলাটি দায়েরের পর পুলিশ দীর্ঘ তদন্ত শেষে ২০২৫ সালের ১৫ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করে। তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদনে তানিয়ার মৃত্যুর বিষয়টি হত্যাকাণ্ড হিসেবে নিশ্চিত হওয়া যায়। আদালতে এ মামলায় ৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ, জেরা এবং বিভিন্ন নথি ও তথ্য-উপাত্ত পর্যালোচনার পর বিচারক আসামি আজাদকে দোষী সাব্যস্ত করে তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

রায় ঘোষণার পর সন্তোষ প্রকাশ করেছেন বাদীপক্ষের আইনজীবী মো. এনামুল হক সরকার এবং নিহত তানিয়ার স্বজনরা। তারা আদালতের এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার পেয়েছেন বলে মন্তব্য করেন এবং দ্রুত রায় কার্যকর করার দাবি জানান।

প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল,
১৮ আগস্ট ২০২৬