কুমিল্লায় রাজনৈতিক ঐক্য ও জনকল্যাণে কাজ করার আহ্বান হুইপ নিজানের
“সংকটে সমাধান আছে, ঐক্য সবচেয়ে বড় সমাধান। আমরা জাতীয় রাজনীতি যার যার অবস্থান থেকে করব, কিন্তু রাষ্ট্রের স্বার্থে, সার্বভৌমত্ব ও স্বাধীনতার স্বার্থে আমাদের অবস্থান এক। আমরা ভোটা করব, বাহাস করব, জয়-পরাজয় মেনে নেব— এটাই আমাদের রাজনীতির মূল কথা। আমরা বিরোধীদলসহ সবাই মিলে কুমিল্লার উন্নয়নে একসাথে কাজ করব এবং মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি।”
কুমিল্লা জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে জেলার আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন এবং সার্বিক উন্নয়ন কার্যক্রম নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ এবং কুমিল্লার আইনশৃঙ্খলা কার্যক্রম তদারকি ও সমন্বয়ের দায়িত্বপ্রাপ্ত এ বি এম আশরাফ উদ্দিন নিজান এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন তিনি নিজেই।
কুমিল্লার দীর্ঘদিনের জনদুর্ভোগ ও স্থানীয় সরকারের কাঠামো প্রসঙ্গে হুইপ নিজান বলেন, “কুমিল্লা বিভাগ নিয়ে আমাদের আকাঙ্ক্ষা রয়েছে। নতুন গঠিত সিটি কর্পোরেশন, ওয়াসা ও সিডিএ-র বিভিন্ন সমস্যা সমাধানে আমরা কাজ করব। বিদ্যুতের সমস্যা একদিনে সমাধান সম্ভব না হলেও সরকার ও বিরোধীদল মিলে আমরা কোনো অজুহাত না দিয়ে কার্যকর পদক্ষেপ নেব। অতীতে তেল-গ্যাসের সিন্ডিকেট যেভাবে মাত্র তিন দিনে দমন করা হয়েছিল, তেমনি সব সংকট ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে।”
প্রশাসনের জবাবদিহিতা ও জনগণের অধিকারের ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, “ক্ষমতায় গেলে নিজেদের সর্বেসর্বা ভাবার দিন শেষ। আমরা নতুন বার্তা দিতে চাই যে, জনগণই সার্বভৌম— উনারাই নাম্বার ওয়ান। জনগণের কাছে আমাদের যে কমিটমেন্ট, সেই অনুযায়ী আমরা কাজ করব।”
জেলা প্রশাসক রোজি আক্তারের সঞ্চালনায় সভায় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী এবং কুমিল্লা-৮ আসনের সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন, বিরোধীদলীয় উপনেতা ও কুমিল্লা-১১ আসনের সংসদ সদস্য ড. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য আতিকুল আলম শাওন, কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এবং কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।
এ ছাড়া কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ভিপি ওয়াসিম, জেলা পরিষদ প্রশাসক হাজী মোস্তাক মিয়াসহ জেলার ১৭টি উপজেলার নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল,
১৪ সেপ্টেম্বর ২০২৬