কুমিল্লায় ডেঙ্গু সংক্রমণ পরিস্থিতি অব্যাহত রয়েছে। সিভিল সার্জন কার্যালয়ের ডেঙ্গু রিপোর্ট (তারিখ: ০২.০৯.২০২৬) সূত্রে জানা গেছে, জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪৯ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে।
এই সময়ে মোট ৩৫০ জনের নমুনা পরীক্ষা করা হয়, যার মধ্যে সরকারি হাসপাতালে ১৭৮ জনের নমুনা পরীক্ষা করে ১৬ জন এবং বেসরকারি হাসপাতালে ১৭২ জনের নমুনা পরীক্ষা করে ৩৩ জনের ডেঙ্গু পজিটিভ আসে। এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে নতুন করে ২৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে অদ্যবধি জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬৮৬ জনে। এর মধ্যে সরকারি-বেসরকারি মিলিয়ে মোট ভর্তিকৃত রোগীর সংখ্যা ১ হাজার ২৯ জন। আক্রান্তদের একটি বড় অংশ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন; এখন পর্যন্ত ৯৬৩ জন রোগী সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬৬ জন ডেঙ্গু রোগী। এ পর্যন্ত জেলায় ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, চলতি সেপ্টেম্বর মাসের প্রথম দুই দিনেই জেলাটিতে নতুন করে ৩৫৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর আগে গত আগস্ট মাসে মোট ৮৪১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিল। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং সাধারণ মানুষকে সচেতন করতে সংশ্লিষ্টরা কাজ করে যাচ্ছেন।
প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল,
২ সেপ্টেম্বর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur