“বিএনপির নেতাকর্মীরা কোনো অন্যায়, অত্যাচার ও দুর্নীতি করব না এবং সৎভাবে জীবনযাপন করব—আমাদের এই শপথ নিতে হবে।” বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লার মুরাদনগর সদর বড় মাদ্রাসা মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এক বর্ণাঢ্য দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের এই শপথ করান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ (এমপি)।
পহেলা সেপ্টেম্বর বিকেলে আয়োজিত এই অনুষ্ঠানে সরাসরি উপস্থিত থাকতে না পারলেও ভার্চুয়াল মাধ্যমেই প্রধান অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন এবং নেতাকর্মীদের শপথবাক্য পাঠ করান তিনি।
অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে ধর্মমন্ত্রী বলেন, বিগত ১৭ বছর একসাথে বসে কথা বলার কোনো সুযোগ ছিল না। আল্লাহর অশেষ মেহেরবানিতে ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে আজ নেতাকর্মীদের সাথে বসার ও কথা বলার সুযোগ মিলেছে। আল্লাহর রহমতে তিনি যাবজ্জীবন কারাদণ্ড থেকে মুক্ত হয়েছেন, ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের কৃপায় মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। এ সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে দেশের জনগণের কল্যাণে গৃহীত ফ্যামিলি কার্ড, বিধবা কার্ড ও কৃষক কার্ডসহ বিভিন্ন কল্যাণমুখী ও যুগান্তকারী পদক্ষেপের কথা বিস্তারিতভাবে তুলে ধরে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
সংখ্যালঘু ও বিরোধী রাজনৈতিক দলগুলোর বিষয়ে দিকনির্দেশনা দিয়ে ধর্মমন্ত্রী আরও বলেন, দেশের সকল সংখ্যালঘুর পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং তাদের প্রতি কোনো ধরনের অত্যাচার করা যাবে না। বিরোধী দলের নেতাকর্মীরাও এ দেশের নাগরিক, তাই তাদের প্রতিও কোনো অবিচার করা যাবে না। তবে দলের বিরুদ্ধে যেকোনো ধরনের ষড়যন্ত্র ও চক্রান্তের বিরুদ্ধে নেতাকর্মীদের সর্বদা সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন খতম ও দোয়ায়ে ইউনুস পাঠ করা হয়। এরপর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রোগমুক্তি কামনা করে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
উপজেলা বিএনপির আহবায়ক মহিউদ্দিন অঞ্জনের সভাপতিত্বে এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ফারুক আহমেদ বাদশার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন ভূঁইয়া, উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ মোল্লা, বিএনপি নেতা নজরুল ইসলাম, ফারুক সরকার মজিব, শাহ আলম সরকার, মির্জা শহিদুল্লাহ, জহির সিদ্দিকী, দুলাল সরকার, হাজী ইদ্রিস, উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মজিবুল হক এবং জেলা ছাত্রদলের সাবেক সভাপতি চৌধুরী রকিবুল হক শিপন।
এছাড়াও অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা যুবদলের আহবায়ক সোহেল সামাদ, সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা, সদস্য সচিব সৈয়দ হাসান আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক অ্যাডভোকেট নাছির উদ্দীন আহমেদ, কৃষক দলের আহবায়ক নায়েব আলী, ওলামা দলের আহবায়ক ক্বারী মহিবুল্লাহ, ছাত্রদলের আহবায়ক খায়রুল আহসান, সিনিয়র যুগ্ম আহবায়ক নাজিমুদ্দিন, সদস্য সচিব সুমন মাস্টার, যুবদল নেতা গাজী আব্দুল বাছির, বিএনপি নেতা আনিছ খান, রুহুল আমিন খোকন ও জিসাস সভাপতি জসিমউদ্দিনসহ বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল,
১ সেপ্টেম্বর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur