ঈদ ঘিরে চাঁদপুরে বিআরটিএ’র সচেতনতামূলক রোড শো ও লিফলেট বিতরণ
আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে চাঁদপুরে গণসচেতনতামূলক রোড শো, লিফলেট ও স্টিকার বিতরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমপূর্ণ এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে পথচারী, চালক ও যাত্রীদের মাঝে সচেতনতামূলক লিফলেট, স্টিকার ও ভাড়ার চার্ট বিতরণ করা হয়। পাশাপাশি ঝুঁকিপূর্ণ স্থানে লাল পতাকা স্থাপন এবং পথসভা পরিচালনা করা হয়।
এসময় বিআরটিএ চাঁদপুরের সহকারী পরিচালক আবদুল্লাহ আল মামুন বলেন, ঈদ উপলক্ষে বাড়ি ফেরা মানুষের যাত্রা নির্বিঘ্ন, আরামদায়ক ও নিরাপদ করতে মাঠপর্যায়ে কাজ করছে বিআরটিএ। ঈদের আগে থেকে শুরু করে ঈদ-পরবর্তী সময় পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে।
তিনি আরও বলেন, জেলা প্রশাসন, জেলা পুলিশ, বিআরটিএ এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সমন্বয়ে এ কর্মসূচি পরিচালিত হচ্ছে।
কর্মসূচিতে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালকদের মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকা, অতিরিক্ত গতি পরিহার, ফিটনেসবিহীন যানবাহন না চালানো, হেলমেট ছাড়া মোটরসাইকেল না চালানো এবং ড্রাইভিং লাইসেন্স সঙ্গে রাখার আহ্বান জানানো হয়।
এছাড়া যাত্রীদের চলন্ত বাসে ওঠানামা না করা, বাসের ছাদে ভ্রমণ থেকে বিরত থাকা এবং নির্ধারিত স্থান থেকে যাতায়াতের পরামর্শ দেওয়া হয়।
অনুষ্ঠানে বিআরটিএ চাঁদপুর সার্কেলের মোটরযান পরিদর্শক মো. সেকান্দর, শাহেদ উদ্দিন চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
-মুহাম্মদ বাদশা ভূঁইয়া/২১ মে ২০২৬