ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দক্ষিণ আলগীতে মিলাদ ও দোয়া

চাঁদপুরের হাইমচর উপজেলার দক্ষিণ আলগী মাওলানা নুরুজ্জামান জিয়াউন্নেসা হাফিজিয়া মাদরাসার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট ২০২৬) বিকেলে মাদরাসার মিলনায়তনে আয়োজিত এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও বিএনপির ওলামা বিষয়ক উপকমিটির সদস্য ড. মোঃ সলিম উল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হায়দারগঞ্জ কামিল মাদরাসার সাবেক উপাধ্যক্ষ মাওলানা মোঃ আমিন উল্লাহ।

মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ড. মোঃ সলিম উল্লাহ বলেন, “হযরত মুহাম্মদ (সাঃ) ছিলেন সমগ্র মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ। তাঁর জীবন ও আদর্শ অনুসরণ করলেই একটি সুন্দর, শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব। মহানবী (সাঃ) মানুষকে সত্য, ন্যায়, মানবতা, ভ্রাতৃত্ব ও পরস্পরের প্রতি ভালোবাসার শিক্ষা দিয়েছেন। তাই ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপনের মূল শিক্ষা আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে।”

তিনি আরও বলেন, বর্তমান সময়ে তরুণ প্রজন্মকে নৈতিক ও ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করা অত্যন্ত জরুরি। মাদরাসা ও ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শিক্ষার্থীদের কোরআন-হাদিসের জ্ঞান অর্জনের পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।

মাহফিলে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর জীবন, কর্ম ও আদর্শের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং মাদরাসার উত্তরোত্তর উন্নতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে হাইমচর উপজেলা বিএনপির সহশিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল কাইয়ুমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আলেম-ওলামা, শিক্ষক, শিক্ষার্থী ও মুসল্লিরা উপস্থিত ছিলেন।

এ সময় হাইমচর প্রেসক্লাবের সহ-সভাপতি খন্দকার একে আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক সবুজ হোসাইন, সাংগঠনিক সম্পাদক শরীফ মোঃ মাছুম বিল্লাহ, প্রচার সম্পাদক শিমুল অধিকারী, সিনিয়র সদস্য মাসুদ আলম রিয়াদ এবং সদস্য মোঃ নাসির আহমেদ সোহেল উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন সাংবাদিক আলমগীর হোসেন আসিফ, আক্তার হোসেন প্রমূখ।

মিলাদ ও দোয়া মাহফিল শেষে উপস্থিত মুসল্লি ও শিক্ষার্থীদের মাঝে তবারক বিতরণ করা হয়।

প্রতিবেদক: মোঃ আলমগীর হোসেন (আসিফ)/
২৬ আগস্ট ২০২৬