পড়াশোনার পাশাপাশি তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে: এমপি মানিক

২২তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উপলক্ষে চাঁদপুরের হাইমচর উপজেলা ক্রীড়া সংস্থার জার্সি উন্মোচন করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জার্সি উন্মোচন করেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।

অনুষ্ঠানে বক্তব্যে সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং তরুণ প্রজন্মকে সুস্থ, সুন্দর ও শৃঙ্খলাপূর্ণ জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটি দেশ ও সমাজকে মাদক, সন্ত্রাস এবং নানা ধরনের সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তাই পড়াশোনার পাশাপাশি তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে।

তিনি আরও বলেন, ফুটবল আমাদের দেশের অত্যন্ত জনপ্রিয় একটি খেলা। তবে মাঠে জয়-পরাজয়ের পাশাপাশি খেলোয়াড়সুলভ আচরণ, শৃঙ্খলা ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখা অত্যন্ত জরুরি। হাইমচর উপজেলা ক্রীড়া সংস্থা এবারের টুর্নামেন্টে বিজয়ী হবে ইনশাআল্লাহ।

হাইমচরের ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, নতুন প্রজন্মের মধ্যে খেলাধুলার চর্চা বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ ও সহযোগিতা অব্যাহত রাখা হবে।

হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম, জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, হাইমচর উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্যাহ বেপারী, জেলা বিএনপির দপ্তর সম্পাদক হযরত আলী ঢালী, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমান হোসেন গাজী, জেলা ছাত্রদলের বর্তমান আহ্বায়ক ইসমাইল হোসেন পাটওয়ারী এবং সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগ।

এ সময় হাইমচর উপজেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, খেলোয়াড় ও স্থানীয় ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: মোঃ আলমগীর হোসেন আসিফ/
১৪ নভেম্বর ২০২৬