ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে ফরিদগঞ্জে ইনকিলাব মঞ্চের মার্চ ও সমাবেশ
ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণ এবং বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার প্রত্যয়ে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ইনকিলাব মঞ্চের উদ্যোগে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ও বর্ণাঢ্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০শে অক্টোবর) সকাল সাড়ে ১১টায় ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এই কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ছাত্র সংগঠনের নেতাকর্মী অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের বলেন, ছাত্র-জনতার রক্তক্ষয়ী অভ্যুত্থানের পর দেশের মানুষের প্রধান প্রত্যাশা ছিল ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠা। কিন্তু এখনো সমাজে বৈষম্য ও অন্যায় পুরোপুরি দূর হয়নি। ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়ার লড়াইয়ে আমাদের ঐক্যবদ্ধভাবে রাজপথে সোচ্চার থাকতে হবে।
কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবেরের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্যসচিব ফাতিমা তাসনিম জুমা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাফিয়া।
এ ছাড়া ইনকিলাব মঞ্চের ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধিবৃন্দের মধ্যে মাহাবুব রাব্বানি, মাহমুদুল হাসান, তানভির হোসেন ফুয়াদ, সজিবুল ইসলাম ও তাইফুর রহমান উপস্থিত ছিলেন।
সমাবেশে এনসিপির স্থানীয় নেতাকর্মীদের মধ্য থেকে মাছুম বিল্লাহ, আব্দুল জব্বার, জিজাদুল, জুনায়েদ ও আশরাফ উদ্দিন এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতা সাকিব হোসেনসহ বিভিন্ন অঙ্গসংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন ও সংহতি প্রকাশ করেন।
বক্তারা বলেন, জুলাইয়ের চেতনা ধারণ করে দেশের প্রতিটি দুর্নীতি, অনিয়ম ও অবিচারের বিরুদ্ধে তরুণ সমাজকে আজ ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।
প্রতিবেদক: শিমুল হাছান,
৩০ অক্টোবর ২০২৬