ইতালিতে পরকীয়া ও সম্পদ আত্মসাতের চাঞ্চল্যকর ঘটনা, প্রতিবাদ করায় দেবরকে হেনস্তা
ইতালিতে প্রবাসী বাংলাদেশি পরিবারে ঘটে যাওয়া এক চাঞ্চল্যকর পরকীয়া ও অর্থ আত্মসাতের ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। ঘটনার প্রতিবাদ করায় ভুক্তভোগী ও তার পরিবারের ওপর উল্টো মিথ্যা অপবাদ ছড়ানোর অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী ইতালির পালেরমো প্রবাসী ফখরউদ্দীন মিয়াজি আজ সোমবার শাহরাস্তি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করেন। তিনি লিখিত বক্তব্যে জানান, গত এক দশক সপরিবারে ইতালিতে বসবাস করে আসছেন। বিগত এক বছর পূর্বে তিনি প্রতিবেশী ভাতিজা সুমন মিয়াকে ভিসা দিয়ে ইতালিতে নেন এবং নিজের দোকানে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। পাশাপাশি বাড়ির প্রতিবেশী সম্পর্কীয় কারণে সুমন ফখরুদ্দীনের বাসায় নিয়মিত যাতায়াত করতেন।
গত ০৮ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার উদ্দেশ্যে ফখরুদ্দীন মিয়াজি তার স্ত্রীকে ইতালিতে রেখে বাংলাদেশে আসেন। পরবর্তীতে ২৩ ফেব্রুয়ারি পুনরায় তিনি ইতালিতে ফিরে দেখতে পান যে, সুমন তার স্ত্রী নাসিমা আক্তারের সাথে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়ে এবং দোকানের নগদ অর্থ ও মালামালসহ ৩৪ হাজার ইউরো (যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৮ লক্ষ টাকা) নিয়ে পালিয়ে গেছে।
এই ঘটনার সুষ্ঠু সুরাহা করার জন্য ফখরুদ্দীন মিয়াজি দেশে এসে মামলা দায়ের করেন। এতে ক্ষিপ্ত হয়ে পরকীয়ায় অভিযুক্ত সুমনের বাবা, ছোটভাই এবং ভাড়াটে কিছু দুর্বৃত্ত ফখরুদ্দীনকে হত্যার উদ্দেশ্যে প্রকাশ্য দিবালোকে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। উক্ত হামলায় ফখরুদ্দীন মিয়াজিসহ তিনজন গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
বড়ভাই ফখরুদ্দিনের এমন করুণ অবস্থা দেখে ছোটভাই আলাউদ্দিন বাদী হয়ে থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। এতে ক্ষিপ্ত হয়ে মূল অভিযুক্ত সুমন ও তার পরিবার টাকার বিনিময়ে কিছু হলুদ সাংবাদিকদের সহায়তায় আলাউদ্দীনের নামে মিথ্যা ও বানোয়াট খবর ছড়িয়ে সমাজে তাকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করছে বলে জানান ভুক্তভোগী ফখরুদ্দীন মিয়াজী।
ভুক্তভোগী পরিবার এই মিথ্যা অপবাদের তীব্র প্রতিবাদ জানিয়ে আজ সোমবার শাহরাস্তি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে পরকিয়া প্রেমিক ও অর্থ আত্মসাৎকারী সুমন মিয়া গংদের উপযুক্ত বিচারের দাবি জানিয়েছেন। সংবাদ সম্মেলনে শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতিসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
স্টাফ রির্পোটার/ ৪ মে ২০২৬