আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে হাজীগঞ্জে ইমারত নির্মাণের অভিযোগ
চাঁদপুরের হাজীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক ইমারত নির্মাণের অভিযোগ পাওয়া যায়। এ বিষয়ে ভুক্তভোগী প্রবাসী প্রশাসনসহ স্থানীয় সাংসদের সু-দৃষ্টি কামনা করেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার ৮ নং হাটিলা পূর্ব ইউনিয়নের ৯নং ওয়ার্ড পশ্চিম হাটিলার মৃত আব্দুল সাত্তার পাটোয়ারীর ছেলে প্রবাসী মো. আসাদুজ্জামান মিয়ার দায়ের করা নিষেধাজ্ঞা মামলার প্রতিপক্ষ একই বাড়ীর মৃত আ. মজিদের ছেলে রফিক পাটোয়ারী জোরপূর্বক ইমারত রির্মাণের চেষ্টা করে যাচ্ছেন।
গত ১৫ জুলাই বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৫ ধারা মামলা দাযের করেন প্রবাসী আসাদুজ্জামান মিয়া। আদালত তার পিটিশন আমলে নিয়ে ৭৭ নং হাটিলা মৌজার বিএস ৩৯৯ খতিয়ানের উপর ৮ শতাংশ ভূমির উপর নিষেধাজ্ঞা মঞ্জুর করেন। হাজীগঞ্জ থানার পুলিশ উক্ত নিষেধাজ্ঞা সরেজমিনে গিয়ে রফিক পাটোয়ারী ও আক্তার হোসেনের স্ত্রী শামসুর নাহার বেগমকে কার্যক্রম স্থগিত রাখার নির্দেশনা দেন। এর কযেকদিন পর আবারো তারা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক ইমারত তৈরির কার্যক্রম চালানোর অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এ বিষয়ে ভুক্তভোগী প্রবাসী আসাদুজ্জামান মিয়া বলেন, আমাদের বাপ দাদার সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা করে যাচ্ছেন প্রতিপক্ষ রফিক পাটোয়ারী গংরা। এ নিয়ে বাড়ীতে ও এলাকায় একাধিক শালিসি বৈঠক হলে তারা কোন সিদ্ধান্ত মানে না। আমি প্রবাসে থাকি, খবর পেয়ে বাড়ীতে এসে এক প্রকার বাধ্য হয়ে আদালতে নিষেধাজ্ঞার মামলা করেছি। কিন্তু প্রতিপক্ষের লোকজন আদালত, সমাজ কিছুই মানে না। তাই আমি প্রশাসন ও স্থানীয় সাংসদ ইঞ্জিনিয়ার মমিনুল হকের সু-দৃষ্টি কামনা করছি।
প্রবাসীর বেয়াই আক্তার হোসেন বলেন, আমার মেয়ের সুখের কথা চিন্তা করে আমার বেয়াইর অবর্তমানে পাশে থেকে একাধিক শালিস বৈঠকে উপস্থিত ছিলাম। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান এম এ রহিম পাটোয়ারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে এলাকায় ও থানা বৈঠকে আজকের প্রতিপক্ষ রফিক পাটোয়ারী সিদ্ধান্ত অমান্য করে জোরপূর্বক দখলের চেষ্টা লিপ্ত রয়েছেন। আমিও সাংসদ পুত্রের সাথে কথা বলেছি এবং তারসহ প্রশাসনের সহযোগিতা কামনা করছি।
প্রতিপক্ষ রফিক পাটোয়ারীর সাথে কথা বলতে চাইলে তিনি ঘুমাচ্ছেন বলে পরিবারের লোকজন জানান।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান, আদালতের নিষেধাজ্ঞা যথাসময়ে জারি করা হয়েছে তা যদি প্রতিপক্ষ অমান্য করে সে ক্ষেত্রে আমরা অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা গ্রহন করবো।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়/
১৮ জুলাই ২০২৬