বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার জন্য জুলাই মাসটি কি আসলেই অপয়া? অতীতের পরিসংখ্যান অন্তত সেই ইঙ্গিতই দিচ্ছে। তিনবার জুলাই মাসে ফাইনাল খেলে তিনবারই শিরোপা হাতছাড়া করার বেদনা তাদের সঙ্গী হয়েছে। আজকের ফাইনালের আগে এই পরিসংখ্যানই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।
কাতারের প্রচন্ড গরমের কারণে ২০২২ বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল নভেম্বর-ডিসেম্বরে, যে আসরে আর্জেন্টিনা তৃতীয়বারের মতো বিশ্বজয়ের মুকুট পরেছিল। তবে মজার ব্যাপার হলো, তাদের আগের দুটি শিরোপা জয়ের স্বাদ তারা পেয়েছিল জুন মাসে। বিপরীত দিকে, জুলাই মাসে অনুষ্ঠিত ফাইনালগুলো আর্জেন্টাইনদের জন্য দুঃস্বপ্ন হয়েই রয়ে গেছে।
১৯৩০ সালে প্রথম বিশ্বকাপের আসরটি শুরু হয়েছিল ১৩ জুলাই এবং শেষ হয়েছিল ৩০ জুলাই। সেই ঐতিহাসিক ফাইনালে উরুগুয়ের কাছে ৪-২ গোলে হেরে শিরোপার স্বাদ পাওয়া হয়নি আর্জেন্টিনার। এটিই ছিল জুলাই মাসে তাদের প্রথম ফাইনাল হারের ঘটনা।
এরপর ১৯৯০ সালে ইতালিতে অনুষ্ঠিত বিশ্বকাপে আর্জেন্টিনা জুন-জুলাই জুড়ে দারুণ পারফরম্যান্স দেখিয়েছিল। গ্রুপপর্ব থেকে সেমিফাইনাল পর্যন্ত প্রতিটি বাধা পেরিয়ে ফাইনালে উঠলেও শেষ রক্ষা হয়নি। ৮ জুলাই অনুষ্ঠিত ফাইনালে পশ্চিম জার্মানির কাছে ১-০ গোলে হেরে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল ম্যারাডোনার আর্জেন্টিনাকে।
একই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে ২০১৪ সালে ব্রাজিলে আয়োজিত বিশ্বকাপে। জুন-জুলাইয়ের সেই আসরে লিওনেল মেসির আর্জেন্টিনা গ্রুপপর্ব থেকে শুরু করে সেমিফাইনাল পর্যন্ত সব ম্যাচে জয়ী হয়ে ফাইনালে ওঠে। কিন্তু আবারও সেই জার্মানির কাছেই শিরোপা খোয়াতে হয় তাদের। ১৩ জুলাই অনুষ্ঠিত সেই ফাইনালে ১-০ গোলে হেরেছিলো আর্জেন্টিনা।
এবার ২০২৬ সালের আসরেও আর্জেন্টিনা যখন ফাইনালের দ্বারপ্রান্তে এবং প্রতিপক্ষ হিসেবে সামনে রয়েছে শক্তিশালী স্পেন, তখন জুলাই মাসের সেই পুরনো পরিসংখ্যান আবারও সামনে চলে এসেছে। নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হতে যাওয়া এই ম্যাচে আর্জেন্টিনা কি পারবে জুলাই মাসের সেই ব্যর্থতার বৃত্ত ভাঙতে? নাকি ইতিহাস নতুন করে লেখা হবে—সেই উত্তরের অপেক্ষায় সারা বিশ্বের ফুটবল সমর্থকরা।
চাঁদপুর টাইমস ডেস্ক/
১৯ জুলাই ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur