শিশুদের পুষ্টির ঘাটতি পূরণ,বিদ্যালয়ে উপস্থিতি বাড়ানো ও শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে ২০২৭ সাল থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু করবে সরকার। এ কর্মসূচির আওতায় প্রতিদিন দুপুরের খাবার পাবে ১ কোটি ১০ লাখ শিশু।
২৭ নভেম্বর রাজধানীর আগারগাঁওয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সংলগ্ন পুরাতন বাণিজ্য মেলা প্রাঙ্গণে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত রন্ধন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ তথ্য জানান প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা.জুবাইদা রহমান।
তিনি বলেন, বর্তমানে দেশের ৫শ টি উপজেলার মধ্যে ১শ ৫১টি উপজেলায় ৩১ লাখ শিক্ষার্থী প্রতিদিন পুষ্টিকর খাবার পাচ্ছে। ২০২৭ সাল থেকে দেশের সব উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি সম্প্রসারণ করা হবে। এর ফলে ১ কোটি ১০ লাখ শিশু প্রতিদিন বিদ্যালয়ে দুপুরের খাবার পাবে।
বিদ্যালয়ে খাবারের গুণগত মান ও পুষ্টি নিশ্চিত করতে মায়েদের সম্পৃক্ততা এবং তদারকি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন ডা.জুবাইদা রহমান। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে রন্ধন প্রতিযোগিতার আয়োজনের মাধ্যমে শিশুদের জন্য সুস্বাদু, সহজলভ্য ও পুষ্টিকর খাবার তৈরির উদ্যোগ নেওয়ার প্রস্তাব দেন তিনি।
তিনি বলেন,বিদ্যালয়ে স্বাস্থ্যসম্মত রান্নার পদ্ধতি অনুসরণ, স্থানীয়ভাবে সহজলভ্য উপকরণ, শাকসবজি, আমিষ ও দুগ্ধজাত খাবারের ব্যবহার এবং মায়েদের অংশগ্রহণ নিশ্চিত করা গেলে শিশুদের পুষ্টিমান আরও উন্নত হবে।
রান্নাকে শিল্প, বিজ্ঞান ও মানুষের সঙ্গে যোগাযোগের মাধ্যম হিসেবে উল্লেখ করে তিনি বলেন,রান্নার সঙ্গে সৃজনশীলতা,ভালোবাসা, সংস্কৃতি ও ঐতিহ্যের নিবিড় সম্পর্ক রয়েছে। রান্নার মধ্য দিয়ে মানুষ তার ইতিহাস, ব্যক্তিত্ব ও ভালোবাসার প্রকাশ ঘটায়।
অনুষ্ঠানে ৩শ টি রেসিপির মধ্য থেকে সেরা পাঁচজনকে পুরস্কৃত করা হয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন মাদারীপুরের তাহেরা ইসলাম তিন্নি, দ্বিতীয় হন আবু আব্দুলাহ এমডি সিয়াম এবং তৃতীয় স্থান অর্জন করেন রংপুরের সাজিয়া ফেরদৌস। বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদ ও চেক তুলে দেওয়া হয়।
রান্নায় নতুনত্ব ও সৃজনশীলতা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে ডা.জুবাইদা রহমান বলেন,‘‘রান্নায় নতুন নতুন পরীক্ষা-নিরীক্ষা ও নিজস্ব দৃষ্টিভঙ্গি খাবারকে অনন্য করে তুলতে পারে। বাংলাদেশের রান্নাকে আন্তর্জাতিক পর্যায়ে আরও পরিচিত করে তুলতেও সবার সহযোগিতা প্রয়োজন।’’
জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ও ক্ষুধামুক্ত বিশ্ব গড়ার প্রসঙ্গে তিনি বলেন,‘ সবার জন্য খাদ্য নিশ্চিত করা,দরিদ্র জনগোষ্ঠীর খাদ্যনিরাপত্তা,শিশুদের অপুষ্টি ও খর্বতা দূর করা, ক্ষুদ্র কৃষকদের সহায়তা,টেকসই খাদ্যব্যবস্থা গড়ে তোলা এবং খাদ্যের অপচয় কমানো গুরুত্বপূর্ণ লক্ষ্য । ‘
বাংলাদেশের শিশুদের পুষ্টি পরিস্থিতি তুলে ধরে তিনি জানান, জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী, দেশে পাঁচ বছরের নিচে ২৫ দশমিক ১ শতাংশ শিশু খর্বতার শিকার। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে বলেও উল্লেখ করেন তিনি।
কৃষিপ্রধান বাংলাদেশের নতুন প্রজন্মকে কৃষির প্রতি আগ্রহী করে তোলার ওপর গুরুত্ব দিয়ে ডা. জুবাইদা রহমান উন্নত ফসল উৎপাদন, ভিটামিন ও পুষ্টিসমৃদ্ধ খাদ্য, ভিটামিন এ-সমৃদ্ধ সোনালি ধান এবং রোগ প্রতিরোধী আলু চাষের প্রসারের কথা বলেন। পাশাপাশি কীটনাশকের ব্যবহার কমাতে পোকা প্রতিরোধী বেগুন চাষের উদ্যোগের কথাও তুলে ধরেন। বর্তমানে ৩০ হাজারের বেশি কৃষক এ ধরনের বেগুন চাষ করছেন বলে জানান তিনি।
আধুনিক কৃষি অবকাঠামো ও সেচব্যবস্থার উন্নয়ন, খাল খননের মাধ্যমে ভূ-উপরিস্থ পানির ব্যবহার বাড়ানো,জলাবদ্ধতা নিরসন এবং পতিত জমিকে চাষের আওতায় আনার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে জাতীয় খাদ্য ও পুষ্টিনিরাপত্তা নীতি এবং পুষ্টিসংবেদনশীল নীতি বাস্তবায়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
মা ও শিশুর পুষ্টি নিশ্চিত করতে বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার কারিগরি সহায়তায় তৃণমূল পর্যায়ে সচেতনতা বাড়ানো,বৈচিত্র্যময় ও নিরাপদ খাবার নিশ্চিত করা এবং স্বাস্থ্যকর রান্নার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান তিনি। ক্ষুধামুক্ত পৃথিবী গড়ার প্রত্যয় ব্যক্ত করে ডা.জুবাইদা রহমান সবাইকে সম্মিলিতভাবে শূন্য ক্ষুধার লক্ষ্য অর্জনে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, মন্ত্রণালয়ের সচিব মো.দেলোয়ার হোসেন এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মো.শাহজামান খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
২৯ নভেম্বর ২০২৬
এ জি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur