চাঁদপুরের কচুয়ায় শিক্ষা, চিকিৎসাসেবা, সাংবাদিকতা ও সমাজসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় গুণীজন, কৃতি শিক্ষক ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। সমাজের আলোকিত মানুষদের সম্মাননা জানানো এবং নতুন প্রজন্মকে ভালো কাজের প্রতি উৎসাহিত করার লক্ষ্যে এ আয়োজন করা হয়। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কচুয়া প্রেসক্লাবের আয়োজনে রাজমহল চাইনিজ রেস্টুরেন্টের মিলনায়তনে সংবর্ধনা ও সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হয়।
কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: এমদাদ উল্যাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া সরকারি ডিগ্রি কলেজের সাবেক ভিপি নুর মোহাম্মদ কচি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা উত্তর বিএনপির সাধারণ স¤পাদক মো. ইউসুফ মিয়াজী, কচুয়া পৌর বিএনপির সভাপতি বিল্লাল হোসেন মজুমদার, সাধারণ স¤পাদক আলমগীর হোসেন সেলিম পাটোয়ারী, কচুয়া প্রেসক্লাবের আজীবন সদস্য শরিফুল ইসলাম মিঠু ও শফিকুল ইসলাম পাঠান স্বপন।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হোসেন, খোরশেদ আলম শিকদার, আলমগীর তালুকদারসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি, কৃতী শিক্ষক, মেধাবী শিক্ষার্থী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন। বক্তারা বলেন, সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা গুণীজনদের যথাযথ সম্মাননা প্রদান একটি মহৎ ও প্রশংসনীয় উদ্যোগ। তাঁদের কর্ম, নিষ্ঠা ও সাফল্য সমাজের অন্যদের জন্য অনুপ্রেরণার উৎস। বিশেষ করে কৃতী শিক্ষক ও মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি প্রদানের মাধ্যমে শিক্ষাক্ষেত্রে ইতিবাচক প্রতিযোগিতা ও সৃজনশীলতার পরিবেশ তৈরি হবে। এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে উৎসাহিত করবে। বক্তারা আরও বলেন, একটি সুন্দর ও আদর্শ সমাজ গঠনে শিক্ষক, শিক্ষার্থী, চিকিৎসক, সাংবাদিক এবং সমাজসেবীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁদের কাজের স্বীকৃতি দেওয়া হলে সমাজে মানবিকতা, দায়িত্ববোধ ও ভালো কাজের চর্চা আরও বৃদ্ধি পাবে।
অনুষ্ঠানের শেষপর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় সংবর্ধিত ব্যক্তিদের হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেন অতিথিরা। এ সময় উপস্থিত সবাই আয়োজকদের এ উদ্যোগের প্রশংসা করেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
২৬ নভেম্বর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur