স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ১০ হাজার টন চিনি ও ১০ হাজার টন মসুর ডাল কেনার প্রস্তাবে অনুমোদনের সুপারিশ করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এসব পণ্য কিনতে সরকারের মোট ব্যয় হবে ১৮২ কোটি ২০ লাখ টাকা।
বুধবার ২৫ নভেম্বর অনুষ্ঠিত কমিটির ৫৪তম সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রস্তাব দুটি উপস্থাপন করা হয়। সভায় সেগুলো অনুমোদনের সুপারিশ করা হয়েছে বলে ২৬ নভেম্বর অর্থ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়।
সভা সূত্রে জানা গেছে, ৫০ কেজির বস্তায় ১০ হাজার টন চিনি কিনতে ব্যয় ধরা হয়েছে ১০৪ কোটি ৯৫ লাখ টাকা। সে হিসাবে প্রতি কেজি চিনির দাম পড়বে ১০৪ টাকা ৯৫ পয়সা। চিনি সরবরাহের জন্য মেঘনা সুগার রিফাইনারি লিমিটেডের দরপ্রস্তাব সুপারিশ করা হয়েছে।
অন্যদিকে,৫০ কেজির বস্তায় ১০ হাজার টন মসুর ডাল কিনতে ব্যয় হবে ৭৭ কোটি ২৫ লাখ টাকা। এতে প্রতি কেজি ডালের দাম পড়বে ৭৭ টাকা ২৫ পয়সা। ডাল সরবরাহের জন্য নাবিল নাবা ফুডস লিমিটেডের দরপ্রস্তাব সুপারিশ করেছে কমিটি।
২৬ নভেম্বর ২০২৬
এ জি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur