Home / চাঁদপুর / অনলাইন জুয়ায় নাতির হাতে গেল নানীর প্রাণ
অনলাইন

অনলাইন জুয়ায় নাতির হাতে গেল নানীর প্রাণ

চাঁদপুর শহরের জোড়পুকুর পাড় এলাকার নাজিরা কমপ্লেক্সের সপ্তম তলার ফ্ল্যাটে হাত-পা বাঁধা ও গলাকাটা অবস্থায় বৃদ্ধা লুৎফুর নাহারের মরদেহ উদ্ধারের চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। অনলাইন জুয়ায় আসক্ত হয়ে ঋণগ্রস্ত হওয়ার পর সেই ঋণের টাকা পরিশোধ করতে নিজের নানিকে হত্যা করেছে ১৬ বছর বয়সী সিয়াম।

এ ঘটনায় অভিযুক্ত নাতিকে গ্রেপ্তার করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। গ্রেপ্তারের পর আদালতে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে সে।

সোমবার (২৩ নভেম্বর) চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সন্ধ্যা ৭টায় চাঁদপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের উপস্থিতে এক প্রেস বিফিংয়ের মাধ্যমে এসব তথ্য জানান তিনি।

পুলিশ জানায়, গত ১৮ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোডের জোড়পুকুর পাড় এলাকার একটি বাসায় ৬৫ বছর বয়সী বৃদ্ধা লুৎফুন্নাহারকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের মেয়ে নাহিদা আক্তার বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তভার গ্রহণের পর তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) আওলাদ রিকাবদার তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে জড়িত কিশোরকে শনাক্ত করেন।

পরে ২২ নভেম্বর বিকেল আনুমানিক ৫টা ২৫ মিনিটে জোড়পুকুর পাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিশোরটি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে। অনলাইনে জুয়া খেলতে গিয়ে তার ঋণ ও আর্থিক সংকট তৈরি হয়েছিল। সেই ঋণের টাকা পরিশোধের পরিকল্পনা থেকেই সে নিজের নানিকে হত্যার সিদ্ধান্ত নেয় বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেন।

ঘটনার দিন কৌশলে বাসায় প্রবেশ করে বৃদ্ধার হাত-মুখ বেঁধে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে সে। হত্যার পর নিহতের গলার স্বর্ণের চেইন, হাতের আংটি, কানের দুল ও ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।

পরবর্তী জিজ্ঞাসাবাদে কিশোরের দেখানো মতে, ঘটনাস্থলের সাততলা ভবনের টয়লেটের পাইপের ভেতর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়। এ ছাড়া চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের নুরুল্লাহপুর এলাকায় তার বাড়ির শয়নকক্ষে স্টিলের আলমারির নিচ থেকে নিহতের গলার স্বর্ণের চেইন, একটি হাতের আংটি ও এক জোড়া কানের দুল উদ্ধার করে জব্দ করা হয়।
পরে গ্রেপ্তার কিশোরকে আদালতে সোপর্দ করা হলে সে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। আদালত তার জবানবন্দি রেকর্ড করেন।

চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দ্রুত অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন, অভিযুক্তকে গ্রেপ্তার এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৮ নভেম্বর সন্ধ্যার পর থেকে পরিবারের সদস্যরা একাধিকবার ফোন করেও লুৎফুর নাহারের সঙ্গে যোগাযোগ করতে না পেরে ভবনের নিরাপত্তাকর্মীকে খবর দেন। পরে নাজিরা কমপ্লেক্সের সপ্তম তলার ফ্ল্যাট থেকে তাঁর হাত- বাঁধা ও গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। একমাত্র ছেলে জাপান প্রবাসী হওয়ায় এবং মেয়েরা স্বামীর বাড়িতে থাকায় তিনি ওই ফ্ল্যাটে একাই বসবাস করতেন। গ্রামে একা থাকতে ভয় পাওয়ায় ছেলেকে শহরে বাসা ভাড়া করে দেওয়ার অনুরোধ করেছিলেন তিনি। কিন্তু সেই শহরের ভাড়া বাসাতেই নিজের মেয়ের ঘরের নাতির হাতে তাঁকে এমন নির্মম হত্যাকাণ্ডের শিকার হতে হয়।

প্রতিবেদক: করিব হোসেন মিজি/
২৪ নভেম্বর ২০২৬