কমলাপুর ভিঙ্গুলিয়া নয়ানী (কে.ভি.এন) উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় “জাতীয় বিপ্লব ও সংহতি দিবস” পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা, দোয়া এবং সাংস্কৃতিক ও প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটির শুভসূচনা করেন ৭ম শ্রেণির শিক্ষার্থী ফাহিম ফয়সাল।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য প্রদান করেন ফাহিম ফয়সাল, সামিয়া আক্তারসহ অন্যান্য শিক্ষার্থীবৃন্দ। তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ নাথ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও অন্যান্য শিক্ষকবৃন্দ দিবসটির ইতিহাস ও গুরুত্বের ওপর আলোকপাত করেন। সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সহশিক্ষামূলক কার্যক্রমে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দিবসটি উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ী বিভিন্ন শ্রেণির ৫ জন শিক্ষার্থীকে বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও উক্ত দিবস উপলক্ষে উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত রচনা প্রতিযোগিতায় ক ও খ গ্রুপে বিদ্যালয়ের অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ২য় স্থান অর্জন করায় তাদের বিশেষ সম্মাননা ও শুভেচ্ছা জানানো হয়।
প্রতিবেদক: মোঃ আলমগীর হোসেন আসিফ
৭ নভেম্বর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur