চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে ‘স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের (এলডিসি) উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় তৃণমূল পর্যায়ে নারীর ক্ষমতায়ন ও নারী চেম্বারের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) বিকেলে শহরের ওয়াইডব্লিউসিএ অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই -এর মহাসচিব মো. আলমগীর। চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মনিরা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এফবিসিসিআই সিনিয়র অতিরিক্ত মহাসচিব শাহ মো. আব্দুল খালেক। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য চেম্বারের সহ-সভাপাতি আফরোজ জাহান আখন্দ।
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ওয়িং এপ্যারেলস লিমিটেডের চেয়ারম্যান ওয়ায়েছ মোহাম্মদ জয়, ফ্যান্টাসি আইল্যান্ডের ব্যবস্থাপনা পরিচাল মেজর (অব.) মাকসুদ আদনান, চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ সচিব আব্দুল মোতালেব শেখ টুটুল।
প্রধান অতিথির বক্তব্যে এফবিসিসিআই -এর মহাসচিব মো. আলমগীর বলেন, বাংলাদেশের অর্ধেক জনসংখ্যা নারী। এদেশে নারী এবং পুরুষের সমান অধিকার রয়েছে। তই নারীদের ক্ষমতায়ন ছাড়া দেশ কখনোই এগিয়ে যেতে পারবে না। বর্তমানে আমাদের দেশের নারীরা চাকরির পাশাপাশি ব্যবসাতেও সমান সাফল্য অর্জন করেছে। তাদের এই অগ্রযাত্রা এবং সাফল্যকে আরো বেশি এগিয়ে নিতে সরকার নানামুখী কার্যক্রম পরিচালনা করছে।
তিনি আরো বলেন, চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এখানকার নারী উদ্যোক্তাদের কর্মদক্ষতা বৃদ্ধি, এবং তাদের অগ্রযাত্রায় নানাবিধ ভূমিকা রাখছে। এটি নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। এছাড়া চাঁদপুর চেম্বার অফ কমার্স বহু বছর ধরে এখানকার ব্যবসায়ীদের স্বার্থ কাজ করে যাচ্ছে। দুটি প্রতিষ্ঠানের লক্ষ্য এবং উদ্দেশ্য একটাই, আর তা হল চাঁদপুরকে এগিয়ে নেওয়া। আমি আশা করব চাঁদপুর ওমেন চেম্বার অফ কমার্সের যেকোনো কার্যক্রমে চাঁদপুর চেম্বার অব কমার্স সহযোগিতার হাত বাড়িয়ে দিবে। যাতে করে এখানকার নারী উদ্যোক্ত এবং ব্যবসায়ীরা তাদের কর্ম ক্ষেত্রে আরও সাফল্য রাখতে পারে।
নারী উদ্যোক্তা রাবেয়া আক্তারের পরিচালনায় উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে বক্তব্য রাখেন পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক -এর সাধারণ সম্পাদক শিপ্রা দাস, সবাই মিলে নারী উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা তানিয়া আক্তার, নারী উদ্যোক্তা শ্যামলী আক্তারসহ আরো অনেকে।
সেমিনারে এলডিসি থেকে উত্তরণের পর বাংলাদেশের অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যে সম্ভাব্য পরিবর্তন, তৃণমূল পর্যায়ে নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং নারী উদ্যোক্তাদের উন্নয়নে নারী চেম্বারের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
আয়োজকরা জানান, নারীদের ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি, উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে তাদের অংশগ্রহণ বাড়াতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রতিবেদক: আশিক বিন রহিম/
৩১ অক্টোবর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur