চাঁদপুরের কচুয়া উপজেলার উত্তর নয়াকান্দি কেন্দ্রীয় জামে মসজিদে দীর্ঘ ৪৮ বছর খতিবের দায়িত্ব পালন শেষে অবসরজনিত বিদায় সংবর্ধনা পেয়েছেন মাওলানা মো. ফজলুর রহমান। দীর্ঘদিনের ধর্মীয় সেবা ও অবদানের স্বীকৃতিস্বরূপ মসজিদ কমিটি ও এলাকাবাসীর পক্ষ থেকে তাঁকে ব্যতিক্রমী আয়োজনে বিদায় জানানো হয়।
শুক্রবার বিকেলে উত্তর নয়াকান্দি কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি ও এলাকাবাসীর আয়োজনে ফুলে সুসজ্জিত গাড়িতে করে তাঁকে বিরল সংবর্ধনা দিয়ে নিজ বাড়িতে পৌঁছে দেয়া হয়। এ সময় উপস্থিত মুসল্লি, এলাকাবাসী ও শুভাকাক্সক্ষীদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। উত্তর নয়াকান্দি কেন্দ্রীয় জামে মসজিদ ও মাদ্রাসার সভাপতি প্রফেসর মো. মিজান সরকারের সভাপতিত্বে এবং আবু সালেহের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন মসজিদের বর্তমান ইমাম হাফেজ মো. আনোয়ার হোসেন, প্রফেসর জহিরুল ইসলাম, সাবেক ইমাম মাওলানা সিদ্দিকুর রহমান, সমাজসেবক ইঞ্জিনিয়ার মো. মহসীন মোল্লা, স্থানীয় বাসিন্দা ও সমাজসেবক মো. লোকমান প্রধান, মো. দুলাল হোসেন, আক্তার হোসেন খান, মাওলানা শরীফুল ইসলাম চাঁদপুরী ও সাইফুল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, মাওলানা মো. ফজলুর রহমান দীর্ঘ ৪৮ বছর ধরে উত্তর নয়াকান্দি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর দীর্ঘ কর্মজীবনে তিনি ধর্মীয় দায়িত্ব পালনের পাশাপাশি এলাকার মানুষের সঙ্গে নিবিড় স¤পর্ক গড়ে তুলেছেন। তাঁর বিদায় এলাকার ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য আবেগঘন একটি মুহূর্ত। তাঁর দীর্ঘদিনের অবদান এলাকাবাসীর কাছে স্মরণীয় হয়ে থাকবে। অনুষ্ঠানের শেষপর্যায়ে বিদায়ী খতিব মাওলানা মো. ফজলুর রহমানকে সম্মাননা প্রদান করা হয়। এ সময় তাঁর দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণা করা হয় এবং তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুন্দর অবসরজীবন কামনা করা হয়।
দীর্ঘ ৪৮ বছরের দায়িত্ব পালন শেষে প্রিয় মসজিদ থেকে তাঁর এই বিদায় অনুষ্ঠান এলাকাবাসীর ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতার এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
২৩ অক্টোবর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur