চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মা ইলিশ সংরক্ষণে পরিচালিত অভিযানে নিষিদ্ধ সময়ে মেঘনা নদীতে মাছ শিকারের অভিযোগে ১৭ জেলেকে আটক করেছে মোহনপুর নৌপুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রথম প্রহরে মেঘনা নদীর বাহেরচর ও নাসিরারচর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
মতলব উত্তরে মৎস্য আড়ত থেকে জব্দ ৩৫ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ করা হয়।
নৌ-পুলিশ সূত্রে জানা গেছে, সরকার ঘোষিত নিষিদ্ধ সময়ে ইঞ্জিনচালিত পুরোনো কাঠের জেলে নৌকাযোগে নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার করে ইলিশসহ অন্যান্য মাছ আহরণ করা হচ্ছিল। এ সময় অভিযান চালিয়ে ১৭ জেলেকে আটক করা হয়। অভিযানে মাছ ধরার কাজে ব্যবহৃত চারটি নৌকা ও ১ হাজার ৪০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
মোহনপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানান, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ (সংশোধিত ২০১৩) অনুযায়ী পৃথক ৭টি মামলা দায়ের হয়েছে। গ্রেফতার ১৭ জন আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক/
১৬ অক্টোবর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur