চাঁদপুর জেলা প্রশাসন, চাঁদপুর সমাজসেবা অধিদফতর, চাঁদপুর প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে এবং বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ ও জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের সহযোগিতায় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস ২০২৬ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে৷
১৫ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান এর নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন থেকে শোভাযাত্রা শুরু হয়ে সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয় এসে শেষ হয়। পরে সকাল সাড়ে ১০টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
তিনি বলেন, সাদাছড়িকে কেবল একটি লাঠি নয়, বরং দৃষ্টিপ্রতিবন্ধী মানুষের আত্মনির্ভরশীলতার প্রতীক ভাবতে হবে। দৃষ্টিপ্রতিবন্ধী ভাই-বোনদের নিরাপদ চলাচল নিশ্চিত করা শুধু সরকারের একাংশ বা কোনো নির্দিষ্ট সংস্থার কাজ নয়, এটি সমাজের প্রতিটি মানুষের নৈতিক কাজ। দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিরা যেন তাঁদের মেধা ও প্রজ্ঞা দিয়ে সমাজে অবদান রাখতে পারেন।
তিনি বলেন, আপনারা যখন চলাচল করবেন তখন পুলিশের সহযোগিতা নিতে পারবেন। ফুটপাতে দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য আলাদা বিশেষ এক ধরনের ব্লক বা টাইলস ব্যবহার করা হয়। সেগুলো অনুসরন করে চলতে পারেন দৃষ্টিপ্রতিবন্ধীরা।
চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল ছিদ্দিকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: খায়রুল কবির, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।
চাঁদপুর প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সুমন চন্দ্র নন্দীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের
ডাঃ মোঃ আব্দুল্লাহ আল জুবায়ের, চাঁদপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারি পরিচালক মো: শফি উদ্দিন সহ সংশ্লিষ্টজন।
শেষে দৃষ্টিপ্রতিবন্ধীদের মাঝে স্মার্ট সাদাছড়ি বিতরণ করেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান সহ অন্যান্যরা।
নিজস্ব প্রতিবেদক/
১৫ অক্টোবর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur