চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় নিজ মুরগির খামারে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাব্বির হোসেন নামে এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে।
নিহত সাব্বির হোসেন উপজেলার মোহনপুর ইউনিয়নের আইঠাদি মাথাভাঙ্গা এলাকার বাসিন্দা নূরে আলম ভূঁইয়ার বড় ছেলে। নিজ মুরগির খামারে কাজ করার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাব্বিরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। অল্প বয়সে তাঁর এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে।
নিজস্ব প্রতিবেদক/
১২ অক্টোবর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur