Home / চাঁদপুর / চাঁদপুরে জেলেদের জন্য বরাদ্দের চাল ব্যবসায়ীর কাছে বিক্রি, তদন্তে কমিটি
জেলেদের

চাঁদপুরে জেলেদের জন্য বরাদ্দের চাল ব্যবসায়ীর কাছে বিক্রি, তদন্তে কমিটি

চাঁদপুরে জেলেদের জন্য বরাদ্দের চাল বিতরণ না করে পাচারকালে একটি মিনি পিকআপ জব্দ করেছে স্থানীয় প্রশাসন। এসময় ওই পিকআপ থেকে পাঁচ টন চাল উদ্ধার করা হয়। রোববার (১১ অক্টোবর) রাতে চাঁদপুর শহরের বিপণীবাগ এলাকায় এ অভিযান চালানো হয়।

এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে জেলেদের সহায়তার জন্য বরাদ্দ করা হয়েছে সরকারি চাল। নিয়ম অনুযায়ী, এসব চাল বিতরণের কথা চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে। তবে অভিযোগ উঠেছে, জেলেদের মধ্যে বিতরণ না করে প্রায় পাঁচ টন চাল বিক্রি করে দেওয়া হয় এক ব্যবসায়ীর কাছে। পরে চালগুলো লাকসামে নিয়ে বিক্রির উদ্দেশ্যে একটি মিনি পিকআপে করে নিয়ে যাওয়া হয়।

গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে চাল উদ্ধারে তৎপর হয় প্রশাসন। প্রশাসনের তৎপরতায় গাড়িটি হাজীগঞ্জ থেকে ঘুরিয়ে চাঁদপুর শহরের বিপণীবাগ এলাকায় নিয়ে আসা হয়। সেখানে অভিযান চালিয়ে মিনি পিকআপটিতে পাঁচ টন চাল জব্দ করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাসেম।

এসিল্যান্ড প্রত্যয় হাসেম বলন, এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিবেদক: আশিক বিন রহিম/
১১ অক্টোবর ২০২৬