Home / চাঁদপুর / আল-আমিন একাডেমির গভর্নিং বডি পরিচালনায় আর বাধা নেই
আমিন

আল-আমিন একাডেমির গভর্নিং বডি পরিচালনায় আর বাধা নেই

চাঁদপুরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডি বাতিল করে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের দেওয়া চিঠির কার্যকারিতা স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল খারিজ করে দেওয়া আদেশের ফলে হাইকোর্টের আদেশ বহাল রয়েছে।

এর ফলে কুমিল্লা শিক্ষা বোর্ড কর্তৃক আল-আমিন একাডেমির গভর্নিং বডি বাতিল ও এডহক কমিটি গঠনের সিদ্ধান্তের কার্যকারিতা আপাতত থাকছে না। আল-আমিন সোসাইটির গঠিত গভর্নিং বডির মাধ্যমে প্রতিষ্ঠান পরিচালনায় আইনগত বাধা নেই বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এর আগে গত ২০ সেপ্টেম্বর কুমিল্লা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শকের স্বাক্ষরিত এক চিঠিতে চাঁদপুর আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডি বাতিল করে এডহক কমিটি গঠনের সিদ্ধান্ত জানানো হয়। এ সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে গভর্নিং বডির সভাপতি মো. মোবারক হোসাইন হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন।

রিটের শুনানি শেষে গত ২৭ সেপ্টেম্বর হাইকোর্ট কুমিল্লা শিক্ষা বোর্ডের ওই চিঠির কার্যকারিতা স্থগিত করেন এবং কেন চিঠিটি আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করে বাতিল করা হবে না—তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেন।

পরবর্তীতে হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ সুপ্রিম কোর্টে লিভ টু আপিল আবেদন করে। শুনানি শেষে আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে হাইকোর্টের আদেশ বহাল রাখেন।

রিটকারীর পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী আদিলুর রহমান, মোহাম্মদ শফিকুর রহমান ও ইমরান হোসেন।
রিট সূত্রে জানা যায়, ১৯৭৭ সালের ৭ জানুয়ারি বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মুহাম্মদ আবদুর রবের পরিকল্পনায় আল-আমিন সোসাইটি প্রতিষ্ঠিত হয়। ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত আল-আমিন একাডেমি দীর্ঘদিন ধরে চাঁদপুরের অন্যতম পরিচিত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে কার্যক্রম পরিচালনা করে আসছে।

সংশ্লিষ্ট আইনজীবী মোহাম্মদ শফিকুর রহমান জানান, ২০১৯ সালে গভর্নিং বডি বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করা হলে ওই সিদ্ধান্তের চিঠির কার্যকারিতা স্থগিত করা হয়েছিল। পরবর্তীতে ২০২৪ সালের ৩১ অক্টোবর কুমিল্লা শিক্ষা বোর্ড আল-আমিন সোসাইটির গঠিত গভর্নিং বডি অনুমোদন করে।

সুপ্রিম কোর্টের সর্বশেষ আদেশের ফলে আল-আমিন সোসাইটির গঠিত গভর্নিং বডির কার্যক্রম পরিচালনায় আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

প্রতিবেদক: সাইদ হোসেন অপু চৌধুরী,
৬ অক্টোবর ২০২৬