চাঁদপুর ১০নং চৌধুরী ঘাট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টায় চৌধুরী ঘাটে উৎসবমুখর পরিবেশে নব-নির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার আলহাজ অ্যাড. শাহ মোহাম্মদ আব্দুল কুদ্দুস।
শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক অ্যাড. সলিম উল্লা সেলিম। তিনি তার বক্তব্যে বলেন, ব্যবসায়ী সমিতি শুধু ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণের একটি সংগঠন নয়; এটি এলাকার ব্যবসায়ী সমাজের ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। নব-নির্বাচিত কমিটিকে ব্যবসায়ীদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, চৌধুরী ঘাট চাঁদপুরের ব্যবসা-বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখানকার ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে নানা প্রতিকূলতার মধ্যেও ব্যবসা পরিচালনা করে আসছেন। ব্যবসায়ীদের সমস্যা চিহ্নিত করে তা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে। একই সঙ্গে ঘাট এলাকার পরিবেশ, শৃঙ্খলা ও ব্যবসাবান্ধব পরিবেশ বজায় রাখার ক্ষেত্রেও সমিতির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
অ্যাড. সলিম উল্লা সেলিম বলেন, নতুন কমিটির কাছে ব্যবসায়ীদের প্রত্যাশা অনেক। নির্বাচনের মধ্য দিয়ে যারা দায়িত্ব পেয়েছেন, তাদের সবাইকে দল-মত ও ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে ব্যবসায়ী সমাজের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য বজায় রেখে চৌধুরী ঘাটের ব্যবসায়ীদের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
চাঁদপুর ১০নং চৌধুরী ঘাট ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত সভাপতি মো. হাবিবুর রহমান সেলিম হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, পৌর বিএনপির সভাপতি মো. আক্তার হোসেন মাঝি, সদর উপজেলা বিএনপির সভাপতি মো. শাহজালাল মিশন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ মোশাররফ হোসাইন, চাঁদপুর চেম্বার অব কমার্সের সহ-সভাপতি তমাল কুমার ঘোষ।
চাঁদপুর ১০নং চৌধুরী ঘাট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হারুন হাওলাদারের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি মো. জাকির লস্কর, সাবেক সাধারণ সম্পাদক কবির হোসেন খান, সমিতির উপদেষ্টা মো. ইউনুস খান, বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. মাসুদ রানা।
বক্তারা নব-নির্বাচিত কমিটির সফলতা কামনা করে বলেন, নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্বের হাতে যে দায়িত্ব অর্পিত হয়েছে, তা যথাযথভাবে পালন করতে হবে। ব্যবসায়ীদের ন্যায্য অধিকার আদায়, ব্যবসায়িক পরিবেশ উন্নয়ন এবং ঘাটের সার্বিক শৃঙ্খলা রক্ষায় সমিতিকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাও. মো. সাইফুল্লাহ। অতিথিদের ফুলেল শুভেচ্ছা, কেস্ট ও ব্যাচ পরিয়ে বরণ করে নেন নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে ১০নং চৌধুরী ঘাট ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির সহ-সভাপতি উত্তম কুমার ঘোষ, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. নুরু কাজী, যুগ্ম সম্পাদক মমিন মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. ফরিদ গাজী, কোষাধ্যক্ষ মো. মানিক ঢালী, দপ্তর সম্পাদক মো. ফারুক, প্রচার সম্পাদক মো. বেলায়েত খান এবং কার্যনির্বাহী সদস্য আরিফ, মো. সাইদ শেখ ও ফয়সাল মিজিসহ সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। শপথ গ্রহণকে ঘিরে চৌধুরী ঘাট এলাকায় ব্যবসায়ীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক/
৬ অক্টোবর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur