Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে ছাত্রলীগ কর্মী ‘হ্যাকার’ রাকিব গ্রেপ্তার
ছাত্রলীগ

ফরিদগঞ্জে ছাত্রলীগ কর্মী ‘হ্যাকার’ রাকিব গ্রেপ্তার

চাঁদপুরের ফরিদগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে দায়েরকৃত মামলায় অনলাইন অ্যাক্টিভিস্ট ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় কর্মী রাকিবুল হাসান ওরফে ‘হ্যাকার রাকিব’ (২০)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৩ অক্টোবর) বিকেলে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহর নির্দেশে থানা পুলিশের একটি চৌকস টিম উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত রাকিবুল হাসান বালিথুবা পশ্চিম ইউনিয়নের তরফদার বাড়ীর সিফন তরফদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হ্যাকার রাকিব দীর্ঘদিন ধরে ফরিদগঞ্জের স্থানীয় বিভিন্ন ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে নানামুখী অপপ্রচার চালিয়ে আসছিল। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক ব্যক্তিত্ব ও সুশীল সমাজের লোকজনকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে উসকানিমূলক বক্তব্য দিয়ে আসছিল।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মী ও সাইবার অপপ্রচারে জড়িত রাকিবুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের শেষে রোববার (৪ অক্টোবর) দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

প্রতিবেদক: শিমুল হাছান,
৪ অক্টোবর ২০২৬