Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় হাফেজ সাইফুলের বসতঘর পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি ১০ লাখ
হাফেজ

কচুয়ায় হাফেজ সাইফুলের বসতঘর পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি ১০ লাখ

চাঁদপুরের কচুয়া উপজেলায় ভয়াবহ অগ্নিকান্ডে হাফেজ সাইফুল ইসলামের বসতঘর পুড়ে গেছে। এ ঘটনায় ঘরে থাকা আসবাবপত্র ও মূল্যবান মালামালসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার।

রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার মনপুরা গ্রামের জিন্নত আলী ডাক্তার বাড়িতে কামাল হোসেনের গৃহে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই গ্রামের একটি মসজিদের ইমাম হাফেজ সাইফুল ইসলাম কামাল হোসেনের গৃহে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। ঘটনার সময় ওই ইমামের পরিবারের সদস্যরা গৃহে ছিলেন না।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে হঠাৎ করে হাফেজ সাইফুল ইসলামের বসতঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা দেখে স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে বসতঘরের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। বিশেষ করে হাফেজ সাইফুল ইসলামের ঘরে রাখা বিভিন্ন সামগ্রীও আগুনে পুড়ে নষ্ট হয়ে গেছে।

ক্ষতিগ্রস্ত হাফেজ সাইফুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডে তার বসতঘর ও ঘরে থাকা আসবাবপত্র, পোশাক, বিয়ের মালামালসহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে গেছে। এতে তার প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে অগ্নিকান্ডের ঘটনায় পরিবারটির মধ্যে চরম হতাশা ও শোকের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
২০ সেপ্টেম্বর ২০২৬