চাঁদপুরের কচুয়ায় মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে পুলিশের এক কর্মকর্তার ওপর হামলা ও পুলিশ সদস্যদের ধাওয়া করার অভিে অভিযোগ উঠেছে মাদক কারবারিদের বিরুদ্ধে। এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি শুক্রবার মধ্যরাতে উপজেলার গোহট উত্তর ইউনিয়নের আইনগিরী বাতাবাড়িয়া গ্রামের ফকির বাড়িতে ঘটে।
থানা সূত্রে জানা গেছে, কচুয়া থানা পুলিশের একটি দল আইনগিরী-বাতাবাড়িয়া গ্রামের দিদার হোসেনের বাড়িতে মাদকের অভিযান পরিচালনা করতে যান। এ সময় পাশের গেট দিয়ে বের হওয়ার সময় মাদক কারবারিরা থানা পুলিশের এএসআই শহিদুল ইসলামের ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে হামলার মুখে পুলিশ ঘটনাস্থল থেকে পিছু হটেন। পরে এএসআই শহিদুল ইসলামকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
হামলার শিকার এএসআই শহিদুলও তার ওপর হামলার ঘটনা স্বীকার করে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে মাদকের বিরুদ্ধে অভিযান করতে গেলে হঠাৎ একদল দুর্বৃত্ত আমার মাথায় টস লাইট দিয়ে আঘাত করে দ্রুত ঘটনাস্থলে থেকে পালিয়ে যায়।
এদিকে স্থানীয় বাসিন্দা আবুল বাশার মেম্বার, মকবুল হোসেনসহ আরো অনেকের দাবি, পুলিশের ওপর হামলার সময় ঘটনাস্থলে একটি মোবাইল ফোন ফেলে যায় মাদক কারবারিরা। তবে ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও ওই মোবাইল ফোন উদ্ধার করে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পুলিশের ওপর হামলার মতো ঘটনার পরও কোনো ব্যবস্থা না নেয়ায় ক্ষোভ প্রকাশ করে আইনগিরী ও বাতাবাড়িয়া গ্রামে মাদক বিরোধী সমাবেশের আয়োজন করা হয়।
মাদক বিরোধী সমাবেশে আইনশৃঙ্খলা ও সাংবাদিক ও এলাকাবাসীসহ সকলের উপস্থিতিতে মাদকের বিরুদ্ধে গণস্বাক্ষর নিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী এরশাদ হোসেন,সাইদুল্লাহ, আনোয়ার হোসেন, তার ছেলে নাবিল হোসেন,মা ওজুফা খাতুন, মাসুদ ও আলমগীর হোসেন এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানান।
বর্তমানে মাদক কারবারীরা এলাকায় প্রকাশ্যে ঘোরাফেরা করছেন। মাদক কারবারীরা পার্শ্ববর্তী বরুড়া উপজেলা থেকে ফেনসিডিল ইয়াবা ও গাজা এনে এই গ্রামে ক্রয়-বিক্রয় করছে। তাদেরকে দ্রুত গ্রেফতারের দাবি জানান এলাকাবাসী।
এ বিষয়ে কচুয়া থানার ওসি মো: আজিজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশের উপর হামলাকারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু,
২০ সেপ্টেম্বর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur