দীর্ঘদিন বন্ধ থাকার পর সংস্কার ও আধুনিকায়নের মাধ্যমে পুনরায় চালু হওয়া চাঁদপুর পৌরসভা পরিচালিত পৌর দাতব্য চিকিৎসালয়ে প্রায় ৫০ হাজার টাকার ওষুধ প্রদান করেছেন ক্লিন চাঁদপুরের প্রতিষ্ঠাতা ও চাঁদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ। গত শনিবার দরিদ্র ও অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে এই ওষুধ প্রদান করা হয়।
চিকিৎসালয়টি পুনরায় চালু হওয়ার পর প্রয়োজনীয় ওষুধের সংকট মোকাবিলায় এমন উদ্যোগকে মানবিক ও জনকল্যাণমূলক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
জানা গেছে, চাঁদপুর পৌরসভার ১নং ওয়ার্ডের পুরানবাজার বাকালী পট্টিতে অবস্থিত ঐতিহ্যবাহী পৌর দাতব্য চিকিৎসালয়টি দীর্ঘদিন ধরে বন্ধ অবস্থায় ছিল। প্রায় ১২০ বছরের পুরোনো এই চিকিৎসালয়ের ভবনটি সময়ের ব্যবধানে জরাজীর্ণ হয়ে পড়ে। ফলে নিম্নআয়ের মানুষের চিকিৎসাসেবার একটি গুরুত্বপূর্ণ ঠিকানা কার্যত অচল হয়ে যায়। এ অবস্থায় চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের হস্তক্ষেপে চিকিৎসালয়টি পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়। পরে চাঁদপুর পৌরসভা কর্তৃপক্ষ জরাজীর্ণ ভবনের সংস্কার, পুনঃনির্মাণ ও আধুনিকায়নের কাজ সম্পন্ন করে চিকিৎসালয়টি নতুনভাবে চালু করে।
চিকিৎসালয়টি পুনরায় চালুর এই উদ্যোগকে আরও কার্যকর করতে এগিয়ে আসেন ক্লিন চাঁদপুরের প্রতিষ্ঠাতা অ্যাড. নুরুল আমিন খান আকাশ। তিনি চিকিৎসালয়ের জন্য প্রায় অর্ধলক্ষাধিক টাকার ওষুধ প্রদান করেন। তার এ উদ্যোগে দরিদ্র ও অসচ্ছল রোগীরা বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ পাওয়ার সুযোগ পাবেন বলে সংশ্লিষ্টরা জানান।
উল্লেখ্য, ক্লিন চাঁদপুর প্রতিষ্ঠার মাধ্যমে পরিচ্ছন্নতা, মানবিক সহায়তা, জনসচেতনতা ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন অ্যাড. নুরুল আমিন খান আকাশ। বিভিন্ন সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি নগরীর পরিবেশ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তার উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।
পৌর দাতব্য চিকিৎসালয়টি পুনরায় চালু হওয়া এবং সেখানে প্রয়োজনীয় ওষুধ সরবরাহের উদ্যোগকে পুরানবাজারের সাধারণ মানুষের জন্য একটি ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন স্থানীয়রা।
তাদের প্রত্যাশা, চিকিৎসালয়টিতে নিয়মিত চিকিৎসক, প্রয়োজনীয় ওষুধ ও অন্যান্য চিকিৎসাসেবা নিশ্চিত করা হলে দীর্ঘদিনের ভোগান্তি থেকে উপকৃত হবেন এলাকার নিম্নআয়ের ও অসহায় মানুষ।
সংশ্লিষ্টদের মতে, ঐতিহ্যবাহী এই দাতব্য চিকিৎসালয়ের পুনর্জাগরণ শুধু একটি পুরোনো ভবনের সংস্কার নয়; বরং পুরানবাজারের অসহায় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবার একটি গুরুত্বপূর্ণ দুয়ার আবার খুলে যাওয়ার ঘটনা।
প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক/
১৩ সেপ্টম্বর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur