কচুয়ায় স্বামীর মারধরের পর সালমা আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্বামী মাহমুদুল হাসানকে আটক করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। তবে ঘটনাটি পরকীয়ার কারণে নয়, বরং নেশাগ্রস্ত অবস্থায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারধরের জেরেই সালমার মৃত্যু হয়েছে বলে দাবি করেছে তার পরিবার। বৃহস্পতিবার বিকেলে উপজেলার দেবীপুর গ্রামের চৌধুরী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সালমা আক্তার একই উপজেলার কাদলা কারী সাহেবের বাড়ির মো. শাহ আলমের মেয়ে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০০০ সালে উভয়ের পছন্দের ভিত্তিতে মাহমুদুল হাসান ও সালমা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে সাইয়্যেদা নুর (৫) নামে এক কন্যা সন্তানের জন্ম হয়।
নিহতের বোন ফারজানা আলম অভিযোগ করে বলেন, বিয়ের পর থেকেই বিভিন্ন অজুহাতে মাহমুদুল হাসান তার বোন সালমা আক্তারকে মারধরসহ শারীরিকভাবে নির্যাতন করে আসছিলেন। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন সময়ে বিষয়টি নিয়ে সমাধানের চেষ্টা করা হলেও নির্যাতন বন্ধ হয়নি বলে দাবি করেন তিনি।
ফারজানা আলমের ভাষ্য, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে মাহমুদুল হাসান সালমা আক্তারকে মারধর করেন। এতে সালমা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে শুক্রবার তাকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে তার মৃত্যু হয়। ঘটনার পর পুলিশ মাহমুদুল হাসানকে আটক করে এবং পরবর্তীতে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
এদিকে শনিবার বিকেলে বাবার বাড়িতে শেষবারের মতো সালমাকে দেখতে স্বজন ও এলাকাবাসী ভিড় করেন। স্বজনদের কান্না ও আহাজারির মধ্য দিয়ে বাবার বাড়িতে তার দাফন স¤পন্ন হয়।
নিহতের বোন ফারজানা আলম বলেন, আমার বোন খুবই বিনয়ী ও শান্ত স্বভাবের ছিল। তাকে পরিকল্পিতভাবে মারধর করে হত্যা করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ী ব্যক্তির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। নিহতের পরিবারের দাবি, ঘটনাটিকে অন্য কোনো স¤পর্ক বা পরকীয়ার সঙ্গে যুক্ত না করে প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে বের করতে হবে। তাদের অভিযোগ, নেশাজনিত কারণে মাহমুদুল হাসান প্রায়ই সালমার সঙ্গে খারাপ আচরণ ও মারধর করতেন। সালমার পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় মাহমুদুল হাসানের বিরুদ্ধে হত্যার অভিযোগ এনে দৃষ্টান্তমূলক শাস্তি, এমনকি ফাঁসির দাবি জানানো হয়েছে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
১৩ সেপ্টেম্বর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur