Home / চাঁদপুর / চাঁদপুর শহরে ফ্ল্যাটে বৃদ্ধা হত্যার রহস্য উদ্ঘাটন হয়নি
ফ্ল্যাটে

চাঁদপুর শহরে ফ্ল্যাটে বৃদ্ধা হত্যার রহস্য উদ্ঘাটন হয়নি

চাঁদপুর শহরের জোড়পুকুর পাড়স্থ এলাকার নাজিরা কমপ্লেক্সের সপ্তম তলার ফ্ল্যাটে হাত বাঁধা ও গলা কাটা রক্তাক্ত অবস্থায় উদ্ধার হওয়া বৃদ্ধা লুৎফুর নাহার (৬২) হত্যাকাণ্ডের রহস্য এখনো উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। হত্যাকাণ্ডের পর থেকে বেশ কয়েকটি বিষয় সামনে এলেও এখন পর্যন্ত হত্যার সঙ্গে জড়িত কাউকে শনাক্ত কিংবা উল্লেখযোগ্য কোনো ক্লু উদ্ধার করা সম্ভব হয়নি। পুলিশ বলছে, গুরুত্বের সঙ্গে তদন্ত কার্যক্রম চলছে।

এদিকে ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তাঁর একমাত্র ছেলে জাপান প্রবাসী। তিনি জাপান থেকে দেশে ফিরেছেন। তাঁরা দেশে ফেরার পর এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন পুলিশ।

বিদেশ ফেরত ছেলে দেশে এসে ফেসবুকে পোস্ট করেন, ‘মাতৃভূমিতে ল্যান্ড করলাম যে ভূমি আমার মায়ের রক্তে ভেজা।’

নিহত লুৎফুর নাহার চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নাজির খান বাড়ির মৃত জয়নাল আবেদীন খানের স্ত্রী। তাঁর পাঁচ মেয়ে ও এক ছেলে। এর মধ্যে এক মেয়ে মারা গেছেন। বাকি মেয়েদের বিয়ে হওয়ায় তাঁরা স্বামীর বাড়িতে সংসার করছেন। একমাত্র ছেলে থাকেন জাপানে। ফলে গ্রামের বাড়িতে তাঁর পাশে থাকার মতো তেমন কেউ ছিলেন না।

পারিবারিক সূত্রে জানা যায়, গ্রামের বাড়িতে একা থাকতে ভয় পেতেন লুৎফুর নাহার। এ কারণে তিনি ছেলেকে বলেছিলেন, ‘বাবা, আমার বাড়িতে একা থাকতে ভয় লাগে। আমাকে শহরে একটা বাসা ভাড়া নিয়ে দে।’ মায়ের এমন ইচ্ছার পরিপ্রেক্ষিতে ছেলে শহরে বাসা ভাড়া নেওয়ার ব্যবস্থা করেন। সেই অনুযায়ী চলতি মাসের ১ নভেম্বর চাঁদপুর শহরের জোড়পুকুর পাড় এলাকার নাজিরা কমপ্লেক্সের সপ্তম তলার ফ্ল্যাটটি ভাড়া নিয়ে একাই বসবাস শুরু করেন তিনি। কিন্তু শহরে নিরাপদে থাকার আশায় আসা সেই বৃদ্ধাকেই শেষ পর্যন্ত প্রাণ হারাতে হলো নিজ ভাড়া বাসায়।

গত বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যার পর থেকে পরিবারের সদস্যরা একাধিকবার ফোন করেও লুৎফুর নাহারের সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না। পরে তাঁর চতুর্থ মেয়ে নাহিদা খান ভবনের নিরাপত্তাকর্মীকে ফোন করে মায়ের খোঁজ নিতে বলেন। নাতি বাঁধনও নিরাপত্তাকর্মী দেলোয়ার হোসেন গাজীকে ফোন করে নানির খোঁজ নিতে অনুরোধ করে।

নিরাপত্তাকর্মী দেলোয়ার তখন বায়তুল আমিন মসজিদে এশার নামাজ আদায় করতে গিয়েছিলেন। খবর পেয়ে দ্রুত ভবনে ফিরে ফ্ল্যাটের সামনে গিয়ে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করেন। প্রথম কক্ষে তাঁকে না পেয়ে অন্য কক্ষে গিয়ে হাত বাঁধা ও রক্তাক্ত অবস্থায় লুৎফুর নাহারকে পড়ে থাকতে দেখেন। পরে ভবনমালিক আসিফ খানকে বিষয়টি জানান। রাত পৌনে ৯টার দিকে ভবনমালিক ঘটনাস্থলে গিয়ে পুলিশকে খবর দেন।

এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের নাতি বাঁধনের দেওয়া একটি তথ্যও আলোচনায় এসেছে। কয়েক দিন আগে তাঁর নানি একটি স্টিলের আলমারি কিনেছিলেন। ওই দোকান থেকে ফোন করে জানানো হয়েছিল, আলমারির কিছু কাজ বাকি রয়েছে। তা ঠিক করে দিতে লোক পাঠানো হবে। এ জন্য বাসার দরজা খোলা রাখতে বলা হয়েছিল। তবে পরবর্তী সময়ে দোকানমালিকের সঙ্গে যোগাযোগ করে পরিবারের সদস্যরা জানতে পারেন, দোকান থেকে এমন কোনো ফোন করা হয়নি।

কে বা কারা দোকানের পরিচয় ব্যবহার করে ফোন করেছিল, কী উদ্দেশ্যে দরজা খোলা রাখার কথা বলা হয়েছিল, তা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। তবে এই ফোনকলের সঙ্গে হত্যাকাণ্ডের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নিহতের চতুর্থ মেয়ে নাহিদা খান জানান, তাঁরা গ্রামের বাড়িতে থাকলেও মায়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। ঘটনারদিন সন্ধ্যার পর থেকে একাধিকবার ফোন করেও মাকে না পেয়ে নিরাপত্তাকর্মীকে ফোন দেন। তাঁর ফোন পেয়েই নিরাপত্তাকর্মী ফ্ল্যাটে গিয়ে মায়ের মরদেহ দেখতে পান।

ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে যান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল কবীর, চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে উদ্ধার করা হয়েছিল। পরে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের একমাত্র ছেলে জাপান থেকে দেশে আসছেন। তিনি দেশে ফিরলে এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হবে।

তিনি আরও জানান, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তবে এখন পর্যন্ত হত্যার বিষয়ে উল্লেখযোগ্য কোনো ক্লু পাওয়া যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

একাকিত্বের ভয়ে গ্রামের বাড়ি ছেড়ে শহরে এসে নতুন করে বসবাস শুরু করেছিলেন নিহত বৃদ্ধা লুৎফুর নাহার। কিন্তু সেই শহরের ভাড়া বাসাতেই তাঁকে এমন নির্মম হত্যাকাণ্ডের শিকার হতে হলো। কারা, কী উদ্দেশ্যে তাঁকে হত্যা করেছে, আলমারির কথা বলে ফোন করার পেছনে কারা ছিল, এসব প্রশ্নের উত্তর এখনো অজানা। একমাত্র ছেলের দেশে ফেরা এবং পুলিশের তদন্তে এই নৃশংস হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত হবে, এমন প্রত্যাশা স্বজন ও এলাকাবাসীর।

প্রতিবেদক: কবির হোসেন মিজি/
২০ নভেম্বর ২০২৬