প্রবাসে ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র দেয়ার কার্যক্রমে ১৪টি দেশের ৫৪ হাজার ৪শ৭৭ জন এনআইডি পেয়েছেন। তাঁদের মধ্যে ২৮ হাজারের বেশি স্মার্ট কার্ড প্রিন্ট করে সংশ্লিষ্ট দেশে পাঠানো হয়েছে। নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগের আগস্ট মাসের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
মঙ্গলবার ১ সেপ্টেম্বর ইসির এনআইডি অনুবিভাগের কর্মকর্তারা এ বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, রেজিস্ট্রেশন অফিসারের তদন্ত শেষে অনুমোদনের অপেক্ষায় রয়েছে তিন হাজার ৫শ ৩৬টি আবেদন। তদন্ত শেষে ৫৪ হাজার ৪শ ৭৭টি আবেদন অনুমোদন পেয়েছে। তদন্তের পর বাতিল হয়েছে ২৬ হাজার ৫শ ৯৫টি আবেদন।
প্রতিবেদন অনুযায়ী, বিদেশে ভোটার নিবন্ধনের জন্য ৯৯ হাজার ৮শ ১৫টি আবেদন পাওয়া গেছে। এর মধ্যে ৬২ হাজার ৫শ ৮৯ জনের বায়োমেট্রিক গ্রহণ করা হয়েছে। এখনো ৩৭ হাজারের বেশি আবেদনের বায়োমেট্রিক গ্রহণ বাকি রয়েছে।
সবচেয়ে বেশি আবেদন এসেছে সংযুক্ত আরব আমিরাত থেকে। আবুধাবি ও দুবাই স্টেশনে ২৪ হাজার ৮শ ২৫টি আবেদন জমা পড়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ১৮ হাজার ৬শ ২১টি আবেদন এসেছে যুক্তরাজ্যের ম্যানচেস্টার ও বার্মিংহাম স্টেশনে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক,মিশিগান,ওয়াশিংটন ডিসি ও লস অ্যাঞ্জেলেস স্টেশনে আবেদন পড়েছে ১৮ হাজার ৪শ ৭২টি।
এ ছাড়া ইতালিতে প্রায় সাড়ে ৯ হাজার,সৌদি আরবে প্রায় সাত হাজার,কুয়েতে পাঁচ হাজার ৯শ ২১টি এবং কাতারে চার হাজার ৮২৯টি আবেদন এসেছে।
মালয়েশিয়া থেকে আবেদন করেছেন দু’হাজারের বেশি প্রবাসী। কানাডার অটোয়া ও টরন্টো স্টেশনে তিন হাজার ৭শ ৯৪টি এবং ওমানের মাসকাটে দু’ হাজার ৫শ ৭৩টি আবেদন পাওয়া গেছে। অস্ট্রেলিয়ায় আবেদন পড়েছে এক হাজার ৪শ ৫৯টি। জাপানের টোকিও স্টেশনে ৩শ ৬৫টি আবেদনের বিপরীতে বায়োমেট্রিক নেয়া হয়েছে ২শ ৮টির। মালদ্বীপে ৩শ ২৮টি এবং দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় ১শ ৩৯টি আবেদন এসেছে। ইসির ২৭ আগস্ট পর্যন্ত করা সারসংক্ষেপে ১৪টি দেশ ও ২৪টি স্টেশনের তথ্য রয়েছে।
২০১৯ সালে বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও এনআইডি দেয়ার কার্যক্রম শুরু হয়। ওই বছরের ৫ নভেম্বর মালয়েশিয়ায় এবং ১৮ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতে কার্যক্রম উদ্বোধন করা হয়।
বর্তমানে ১৪টি দেশের পাশাপাশি নতুন কয়েকটি দেশকে এ কার্যক্রমের আওতায় আনার উদ্যোগ নিয়েছে ইসি। নরওয়ে,ফিনল্যান্ড, সুইডেন, সিঙ্গাপুর ও বাহরাইনকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে ৪ আগস্ট সিঙ্গাপুরে ভোটার নিবন্ধন ও এনআইডি সেবা আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। উদ্বোধনের দিন তিন প্রবাসী বাংলাদেশির হাতে স্মার্ট কার্ড তুলে দেয়া হয়।
১ সেপ্টেম্বর ২০২৬
এ জি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur