চাঁদপুরের মতলব দক্ষিণ থানা পুলিশ গত ২৭ ও ২৮ আগস্ট এ দুই দিনের অভিযানে চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেপ্তারকৃতরা হচ্ছে মোঃ মোজাম্মেল সরকার (৪৮),পিতা মৃত নুরুজ্জামান সরকার,গ্রাম রসুলপুর, হাবিবুর রহমান মিয়াজী (৩৫),পিতা মৃত হানিফ মিয়াজী, গ্রাম তেলিমাছুয়াখাল,তামজিদ মিয়া (২৮),পিতা মোখলেসুর রহমান, গ্রাম খিলাতলী, মোহাম্মদ দেলোয়ার হোসেন ( ২৬),পিতা মোঃ মফিজুল প্রধান, গ্রাম তেলিমাছুয়াখাল । গ্রেফতারকৃত চারজনের মধ্যে দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং দুইজনকে এক মাসের সাজা ও ২শ টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মতলব দক্ষিণ থানা পুলিশ সূত্রে জানা গেছে ,গোপন ও নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান মানিকের দিক নির্দেশনায় এসআই দেলোয়ার সঙ্গীয় ফোর্স নিয়ে ২৭ আগস্ট সন্ধ্যায় নারেনপুর বাজারের পদ্মা ব্যাংক সংলগ্ন রাস্তার উপর অভিযান চালিয়ে মোঃ মোজাম্মেল সরকার ও হাবিবুর রহমান নিয়াজীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে পাঁচ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদেরকে থানায় নিয়ে যায়। আটককৃত আসামী মোজাম্মেল সরকারের বিরুদ্ধে মতলব দক্ষিণ থানায় তিনটি মামলা রয়েছে বলে জানা গেছে।
২৮ আগস্ট রাতে মতলব দক্ষিণ থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে এসআই সুজিত ও এএসআই ওয়ালী উল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন তথ্যের ভিত্তিতে নারায়ণপুর এলাকা থেকে তামজিদ মিয়া ও মোঃ দেলোয়ার হোসেনকে ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়।পরে মোবাইল কোর্টের মাধ্যমে আসামী তামজিদ মিয়া ও মোঃ দেলোয়ার হোসেনকে মাদকদ্রব্য আইন ২০১৮ এর ৩৬(৫) ধারা মোতাবেক ১ (এক) মাসের সাজা ও ২০০ (দুইশত) টাকা জরিমানা প্রদান করা হয়।
থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান মানিক বলেন, চট্রগ্রাম রেঞ্জ ডিআইজি আব্দুল কুদ্দুস চৌধুরী পিপিএম মহোদয়ের নির্দেশক্রমে মাদকবিরোধী অভিযান এবং মাদক মুক্ত সমাজ গঠনে ‘ জিরো টলারেন্স ‘বাস্তবায়নে কার্যক্রম চলছে। গত ২দিনে মাদক ব্যবসায়ী চারজনকে আটক করার পর দুইজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা এবং দুইজনকে মোবাইল কোর্টের মাধ্যমে এক মাসের সাজা দেওয়া হয়। পরে তাদেরকে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক/
২৮ আগস্ট ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur