শুধু পরীক্ষায় ভালো ফল করলেই চলবে না, শিক্ষার্থীদের সৎ, আদর্শবান, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা ও নৈতিক শিক্ষা অর্জন করা অত্যন্ত জরুরি। চাঁদপুরের ফরিদগঞ্জের ঐতিহ্যবাহী গল্লাক নোয়াব আলী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান।
রোববার (২৩ আগস্ট) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী, তরুণ সমাজসেবক এবং মকবুল স্মৃতি সংসদের সভাপতি লায়ন ফখরুল আহমেদ ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সেটু কুমার বড়ুয়া, বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও রাজনীতিবিদ মোতাহার হোসেন পাটওয়ারী, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক ফয়েজ আহমেদ মোল্লা, চিকিৎসক ও রাজনীতিবীদ ডা. আবুল কালাম আজাদ, গুপ্টি পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাজাহান পাটওয়ারী এবং প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাছির আহমদ।
প্রধান অতিথি জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান অভিভাবক ও শিক্ষকদের উদ্দেশ্যে আরও বলেন, সন্তানদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করলে তাদের মধ্যে মানবিক দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে এবং সমাজের কল্যাণে কাজ করার আগ্রহ বাড়ে। সন্তানদের পড়ালেখার পাশাপাশি সহশিক্ষামূলক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করুন, যেন কোনো পিতা-মাতাকে ভবিষ্যতে বৃদ্ধাশ্রমে যেতে না হয়।
প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক সাইফুল ইসলাম ও বিল্লাল হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সহ-সভাপতি মামুনুর রহমান, আজাদ পাটওয়ারী, সাবেক সদস্য ইমাম হোসেন, মনির পাটওয়ারীসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও স্মারক তুলে দেওয়া হয়। সংবর্ধনা পেয়ে শিক্ষার্থীদের মাঝে বিপুল উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
প্রতিবেদক: শিমুল হাছান,
২৩ আগস্ট ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur