চাঁদপুর প্রেস ক্লাবের উদ্যোগে চাঁদপুরের স্থানীয় পত্রিকার সম্পাদকদের সাথে মতবিনিময় সভা শনিবার (২২ আগস্ট ২০২৬) সকাল ১০টায় প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক।
প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন,“চাঁদপুর প্রেস ক্লাব আয়োজিত আজকের মতবিনিময় সভায় উপস্থিত সকল সম্পাদককে আমার সালাম ও শুভেচ্ছা জানাই। আমাদের মাঝে একজন নারী সাংবাদিক উপস্থিত রয়েছেন । তাকে আমি অভিনন্দন জানাই। চাঁদপুর প্রেস ক্লাবের মাধ্যমে আরও নতুন নারী সাংবাদিক তৈরি করা যায় কি না,সে বিষয়টি আপনারা গুরুত্ব দিয়ে দেখবেন।”
তিনি বলেন,‘ পত্রিকার সংখ্যা কম-বেশি হওয়া সম্পাদকদের ব্যক্তিগত বিষয়। অনেক সম্পাদক আর্থিক সংকটে রয়েছেন—বিষয়টি তিনি অবগত আছেন। সরকারের কাছ থেকে স্থানীয় পত্রিকাগুলোর জন্যে কোনো আর্থিক সহায়তা পাওয়া গেলে প্রেস ক্লাবের মাধ্যমে তা সবার কাছে পৌঁছে দেয়ার ব্যবস্থা করা হবে।
১৯৭৩ সালের ছাপাখানা আইন পরিবর্তনের বিষয়ে শেখ ফরিদ আহমেদ মানিক আরোও বলেন,“পত্রিকা ও ছাপাখানা সংক্রান্ত আইন পরিবর্তনের বিষয়ে আমি মাননীয় তথ্যমন্ত্রীর সঙ্গে কথা বলব। প্রয়োজনে চাঁদপুর প্রেস ক্লাবের নেতৃবৃন্দকে তথ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করবো।”
চাঁদপুরের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, জেলার বিভিন্ন এলাকায় অনেক উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। কিছু অবকাঠামোগত কাজও চলছে। এসব কাজ সম্পন্ন করতে কিছুটা সময় প্রয়োজন। উন্নয়নকাজ দৃশ্যমান হলে সাংবাদিকদের ডেকে তা প্রকাশের ব্যবস্থা করা হবে। অনেক সম্পাদক বিভিন্ন অনুষ্ঠানের খবর সময়মতো পান না—এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, তাদেরকে সংশ্লিষ্ট নিউজ কর্নারের সঙ্গে সংযুক্ত করে দেওয়ার ব্যবস্থা করা হবে।
শিক্ষা ও স্বাস্থ্য খাতকে গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, “আমি চাঁদপুর জেলার শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নকে অত্যন্ত গুরুত্ব দিই। এ বছর চাঁদপুর জেলার এসএসসি পরীক্ষার ফলাফলে দু-চারটি প্রতিষ্ঠান ছাড়া অনেক প্রতিষ্ঠানের ফলাফল আশানুরূপ না হওয়ায় আমি কষ্ট পেয়েছি। একজন শিক্ষার্থীকে সুশিক্ষায় গড়ে তুলতে পারলে ১৫ বছর পর তার কাছ থেকে দেশ ও জাতির জন্য ভালো কিছু আশা করা যায়।”
তিনি আরও বলেন, তরুণ সমাজকে খেলাধুলার পাশাপাশি পড়ালেখায় মনোযোগী করতে হবে। তরুণদের সঠিকভাবে গড়ে তুলতে পারলে সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব হবে। স্বাধীন সাংবাদিকতার বিষয়ে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, “আপনারা স্বাধীনভাবে পত্রিকায় লিখবেন। যার সম্পর্কে আপনারা লিখতে চান, সঠিক তথ্যের ভিত্তিতে লিখলে কেউ আপনাদের বাধা দেবে না। আমাদের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের কেউ খারাপ কাজকে উৎসাহিত করবে না। তবে কোনো বিষয়ে সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট ব্যক্তিকে একবার সতর্ক করার বিষয়টি বিবেচনা করবেন।”
চাঁদপুর পৌরসভার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, পৌরসভার অনেক কাজ এখনও বাকি রয়েছে। বিভিন্ন সীমাবদ্ধতার কারণে সব কাজ বাস্তবায়ন করা সম্ভব হয়নি। তবে যতটুকু সম্ভব, পর্যায়ক্রমে সেসব কাজ বাস্তবায়নের চেষ্টা করা হবে। তিনি বলেন, “আমার কাছে কাজ করতে পারলে আনন্দ লাগে। কাজ করতে না পারলে অসন্তুষ্টি লাগে।” সামাজিক যোগাযোগমাধ্যম প্রসঙ্গে সংসদ সদস্য বলেন, বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব অনেক বেড়েছে। এটি বন্ধ করা সম্ভব নয় এবং সমস্যাটি শুধু চাঁদপুরের নয়, সারা বাংলাদেশের। তবে কোনো ব্যক্তি বা গোষ্ঠী কোনো পত্রিকার নামে ভুয়া পেজ খুললে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন তিনি।
তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের ভালো ও খারাপ—দুই দিকই রয়েছে। পত্রিকার পরিচয়পত্র দেওয়ার ক্ষেত্রে যাচাই-বাছাই করে দায়িত্বশীল ব্যক্তিদেরই কার্ড দেবেন। তাই আপনারা আপনাদের পত্রিকায় যাচাই-বাছাই ছাড়া কাউকে পত্রিকার কার্ড দেবেন না।
সম্পাদকদের বিভিন্ন বক্তব্যের প্রসঙ্গে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, অনেকেই পত্রিকার সংখ্যা বেড়ে যাওয়ার বিষয়টি তুলে ধরেছেন। তবে এ বিষয়ে তাঁর কোনো আপত্তি নেই। সরকারের নির্ধারিত মানদণ্ড বা শর্ত পূরণ করে একটি পত্রিকা প্রকাশ করা যায়। পত্রিকা প্রকাশের বিষয়টি সরকার এবং সংশ্লিষ্ট প্রকাশকের পারস্পরিক প্রক্রিয়ার বিষয় বলেও তিনি উল্লেখ করেন।
সভাপতির বক্তব্যে চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী বলেন, “চাঁদপুর প্রেস ক্লাবের আহ্বানে সাড়া দিয়ে জেলার সকল পর্যায়ের সম্পাদকগণ আজকের মতবিনিময় সভায় উপস্থিত হওয়ায় চাঁদপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুরের অভিভাবক, মাননীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক ভাইকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাই।”
তিনি বলেন,ছাপার মানের দিক থেকে চাঁদপুরের স্থানীয় পত্রিকাগুলো অনেক এগিয়ে রয়েছে। পত্রিকাগুলো নিয়মিত সংবাদ প্রকাশ করছে। সংবাদপত্র একটি শিল্প। এই শিল্পকে টিকিয়ে রাখতে সংসদ সদস্যের সহযোগিতা প্রয়োজন। সরকারের গুরুত্বপূর্ণ উন্নয়ন কর্মকাণ্ডসহ জেলার বিভিন্ন বিষয় স্থানীয় পত্রিকার মাধ্যমে তুলে ধরা হয়। জাতীয় পত্রিকাগুলোর সংবাদ প্রকাশের ক্ষেত্রে বিভিন্ন সীমাবদ্ধতা থাকায় অনেক সময় বিস্তারিত সংবাদ প্রকাশ করা সম্ভব হয় না। স্থানীয় পত্রিকাগুলোর মাধ্যমে এসব বিষয় বিস্তারিতভাবে তুলে ধরা সম্ভব।
প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী আরও বলেন, “চাঁদপুর প্রেস ক্লাব সাংবাদিকদের একটি ঐক্যবদ্ধ প্রেস ক্লাব। এটি সারা বাংলাদেশে একটি মডেল ও পরিচিতি অর্জন করেছে। মাননীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক ভাইয়ের উদ্যোগে প্রেস ক্লাবের নেতৃবৃন্দকে মহান জাতীয় সংসদের অধিবেশন পরিদর্শনের সুযোগ করে দেওয়ায় আমরা তাঁর প্রতি আবারও কৃতজ্ঞতা জানাই।”
তিনি আশা প্রকাশ করে বলেন, সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের মাধ্যমে মহান জাতীয় সংসদে পত্রিকা ও ছাপাখানা সংক্রান্ত আইন পরিবর্তনের প্রস্তাব উত্থাপিত হবে। চাঁদপুরের স্থানীয় সংবাদপত্রের উন্নয়ন ও বিকাশে সংসদ সদস্যের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
চাঁদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত,দৈনিক চাঁদপুর প্রতিদিন পত্রিকার সম্পাদক ইকবাল হোসেন পাটওয়ারী,দৈনিক চাঁদপুর দর্পণের প্রধান সম্পাদক মুনির চৌধুরী, দৈনিক চাঁদপুর দর্পণের ভারপ্রাপ্ত সম্পাদক শরীফ চৌধুরী, দৈনিক মেঘনা বার্তার সম্পাদক ও প্রকাশক গিয়াসউদ্দিন মিলন,দৈনিক চাঁদপুর প্রবাহের ভারপ্রাপ্ত সম্পাদক রহিম বাদশা,দৈনিক চাঁদপুর সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আব্দুর রহমান,দৈনিক শপথ পত্রিকার সম্পাদক কাদের পলাশ, দৈনিক প্রভাতী কাগজের সম্পাদক ও প্রকাশক আব্দুল আউয়াল রুবেল, দৈনিক আলোকিত চাঁদপুরের সম্পাদক ও প্রকাশক জাকির হোসেন,দৈনিক প্রিয় চাঁদপুরের সম্পাদক ও প্রকাশক বোরহান উদ্দিন ডালিম, দৈনিক চাঁদপুরের ভারপ্রাপ্ত সম্পাদক কেএম মাসুদ,দৈনিক চাঁদপুর সময় পত্রিকার নির্বাহী সম্পাদক এম ফরিদুল ইসলাম উকিল, দৈনিক সুদীপ্ত চাঁদপুরের ভারপ্রাপ্ত সম্পাদক এম আর ইসলাম বাবু,দৈনিক নয়া প্রভাতের নির্বাহী সম্পাদক এইচ এম নিজাম,সাপ্তাহিক হাজীগঞ্জ পত্রিকার সম্পাদক প্রিন্স সাকিল আহমেদ,সাপ্তাহিক আমাদের অঙ্গীকারের ভারপ্রাপ্ত সম্পাদক শরীফুল ইসলাম,সাপ্তাহিক কচুয়া বার্তার সম্পাদক ও প্রকাশক আলমগীর হোসেন তালুকদার,সাপ্তাহিক ধনাগোদা বার্তার সম্পাদক ও প্রকাশক মো.আশরাফুল জাহান শাওলিন, সাপ্তাহিক আলোকিত ফরিদগঞ্জের সম্পাদক ও প্রকাশক নুরুন্নবী নোমান এবং সাপ্তাহিক ত্রিনদী সম্পাদক ও প্রকাশক মহিউদ্দিন আল আজাদ।
সভায় উপস্থিত ছিলেন সাপ্তাহিক চাঁদপুর সকাল পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো.মোশারফ হোসেন লিটন,দৈনিক চাঁদপুর বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক শহীদ পাটোয়ারী,দৈনিক চাঁদপুর প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক ইব্রাহিম রনি, সাপ্তাহিক চাঁদপুর কাগজের সম্পাদক ও প্রকাশক মুনাওয়ার কানন,দৈনিক চাঁদপুর দিগন্তের নির্বাহী সম্পাদক মোহাম্মদ ইলিয়াস পাটওয়ারী,দৈনিক শপথ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মুহাম্মদ ফরিদ হাসান, দৈনিক আদি বাংলার সম্পাদক মো.ইমরান হোসেন রাজন সাপ্তাহিক হাজীগঞ্জ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আবদুল গনি, সাপ্তাহিক মতলবের জনপদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক শ্যামল চন্দ্র দাস, সাপ্তাহিক আমার কণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ কামাল হোসেন, সাপ্তাহিক লাল সবুজ মেলার ভারপ্রাপ্ত সম্পাদক কামরুল ইসলাম, সাপ্তাহিক পাঠক সংবাদের নির্বাহী সম্পাদক আরিফুল ইসলাম শান্ত, সাপ্তাহিক শিকড় সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক জিসান আহমেদ নান্নু,পাক্ষিক কচুয়া কণ্ঠের প্রধান সম্পাদক ওমর ফারুক,পাক্ষিক চাঁদনগর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাবিত্রী রানী ঘোষ, চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি চৌধুরী ইয়াসিন ইকরাম ও সাধারণ সম্পাদক শাওন পাটওয়ারী।
শুরুতে প্রেস ক্লাবের পক্ষ থেকে প্রধান অতিথি চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিককে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং ছাপাখানা আইন পরিবর্তনের আবেদনপত্র প্রদান করেন প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন দৈনিক চাঁদপুর দর্পণের প্রধান সম্পাদক মুনির চৌধুরী।
উল্লেখ্য চাঁদপুর প্রেস ক্লাবের উদ্যোগে চাঁদপুর জেলার সকল পর্যায়ের সবোর্চ্চ সংখ্যক সম্পাদকদের নিয়ে মতবিনিময়ের এ বিশাল আয়োজন করা হলো।
নিজস্ব প্রতিবেদক
২২ আগস্ট ২০২৬
এ জি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur