শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ এবং খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে চাঁদপুর শহরের পুরান বাজারের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘বিজয়ী নারী উন্নয়ন সংস্থা’।
সংগঠনটির ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের বিশেষ উদ্যোগে বুধবার (১৯ আগস্ট) বিকেলে পুরান বাজারের টিএন্ডটি মাঠে এ ক্রীড়া সামগ্রী বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় শিক্ষার্থীদের মাঝে ফুটবল ও চকলেট বিতরণ করা হয়।
তরুণ প্রজন্মকে মাদকাসক্তি ও অতিরিক্ত মুঠোফোন ব্যবহারের আসক্তি থেকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে মাঠমুখী করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘বিজয়ী’র স্বপ্নদ্রষ্টা আশিক খান। এছাড়া শিক্ষার্থীদের মাঝে উৎসবমুখর পরিবেশে ক্রীড়া সামগ্রী পৌঁছে দিতে অগ্রণী ভূমিকা পালন করেন ‘টিম বিজয়ী’র একঝাঁক প্রাণবন্ত স্বেচ্ছাসেবক।
তানিয়া ইশতিয়াক খান বলেন, “পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সুস্থ বিনোদন ও শারীরিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যেই আমাদের এ ক্ষুদ্র আয়োজন। ইনশাআল্লাহ, আগামীতেও সাধারণ ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের কল্যাণে বিজয়ী নারী উন্নয়ন সংস্থা এ ধরনের ইতিবাচক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখবে।
প্রতিবেদক: সাইদ হোসেন অপু চৌধুরী,
১৯ আগস্ট ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur