Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী র‍্যালি ও সভা
শিক্ষার্থীদের

ফরিদগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী র‍্যালি ও সভা

‘মাদক থেকে দূরে থাকি, সুস্থ সমাজ গড়ি’-এই প্রতিপাদ্য সামনে রেখে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার চান্দ্রায় শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। তরুণ প্রজন্মকে মাদকের কুফল সম্পর্কে সচেতন করতে এবং এলাকা থেকে এর বিস্তার রোধে থানা-পুলিশের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

বুধবার (১৯ আগস্ট) বিকেলে বালিথুবা পশ্চিম ইউনিয়নের চান্দ্রা ইমাম আলী উচ্চবিদ্যালয় প্রাঙ্গণ থেকে শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে র‍্যালিটি বের হয়।

র‍্যালিটি চান্দ্রা বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাজারের উত্তর মাথার টাওয়ার সংলগ্ন এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্লাহ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, মাদক বর্তমানে আমাদের সমাজে এক ভয়াবহ ব্যাধিতে রূপ নিয়েছে। এই সামাজিক ব্যাধি থেকে যুবসমাজ ও পরিবারকে রক্ষা করতে শিক্ষার্থীদেরই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তোমরা যদি নিজ নিজ অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হও, তবেই একটি মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।

তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ মানেই একটি সুন্দর ও সুস্থ জীবন। আগামী দিনের ভবিষ্যতের পথচলা যেন কোনোভাবেই মাদকের কারণে থমকে না যায়, সে বিষয়ে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সব সময় সচেতন থাকার আহ্বান জানান তিনি।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন চান্দ্রা ইমাম আলী উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাওলানা বিল্লাল হোসেন, ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নুরুল আলম, হুমায়ুন কবির, স্থানীয় ইউপি সদস্য সাগর মজুমদার, আমির হোসেন কিরন, মিজানুর রহমান, সামাজিক ব্যক্তিত্ব সেলিম মিয়া, উপজেলা ছাত্রদল নেতা মহিউদ্দিন ভূঁইয়া, ইউনিয়ন যুবদল নেতা জহিরুল ইসলাম, সদস্য সচিব হাছান বেপারী, বিএনপি নেতা হাবিবুর রহমান পাটওয়ারী, আব্দুল আউয়াল, জসিম উদ্দিন ও শাহীন হোসেন প্রমুখ।

প্রতিবেদক: শিমুল হাছান,
১৯ আগস্ট ২০২৬