কুমিল্লায় একটি বিলাসবহুল প্রাডো গাড়িতে তল্লাশি চালিয়ে ৩ লাখ ইয়াবা জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় গাড়িতে থাকা দুজনকে আটক করা হয়েছে।
পুলিশের দাবি, কুমিল্লায় এ পর্যন্ত জব্দ হওয়া ইয়াবার মধ্যে এটি সবচেয়ে বড় চালান।
সোমবার (১৭ আগস্ট) দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর উপজেলার জাগুরঝুলি এলাকায় অভিযান চালিয়ে ইয়াবার চালানটি জব্দ করা হয়। পুলিশের হিসাবে, জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৫ কোটি টাকা।
আটক ব্যক্তিরা হলেন কক্সবাজারের চকরিয়া উপজেলার ফয়সাল হোসেন (২৫) ও একই এলাকার গাড়িচালক আমান উল্লাহ (৩৫)।
কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম শাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল জাগুরঝুলি এলাকায় অবস্থান নেয়। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী সাদা রঙের একটি প্রাডো গাড়ি থামিয়ে তল্লাশি করা হয়। পরে গাড়ির একটি লাগেজ থেকে স্কচটেপে মোড়ানো অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে ইয়াবার চালানটি কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল, সে বিষয়ে বিস্তারিত জানা যাবে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল/
১৭ আগস্ট ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur