দেশের প্রতিটি বিভাগে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে। পর্যায়ক্রমে এ কার্যক্রম প্রতিটি জেলা ও উপজেলায় সম্প্রসারণ করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি জানান, ইতোমধ্যে দেশের ২৬টি জেলায় এ সংক্রান্ত উন্নয়নকাজ চলমান রয়েছে।
আজ রোববার সকালে বরিশাল নগরীর কাশিপুর ইছাকাঠি এলাকায় ‘বরিশাল বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্স’ নির্মাণকাজের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন গণযোগাযোগ অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে।
তথ্যমন্ত্রী বলেন,‘তথ্য কমপ্লেক্স নির্মাণের ক্ষেত্রে কেবল অবকাঠামো উন্নয়নই সরকারের মূল লক্ষ্য নয়, বরং এর গুণগত মানকে আন্তর্জাতিক বা ‘গ্লোবাল স্ট্যান্ডার্ডে’ উন্নীত করতে চায় সরকার। এ কারণে কমপ্লেক্সের অবকাঠামোগত ইঞ্জিনিয়ারিং ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং- দুটি বিষয়কেই পৃথক ও অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।’
তথ্য কমপ্লেক্সের প্রযুক্তিগত সুবিধা তুলে ধরে তিনি আরও জানান, এই কেন্দ্রগুলোতে সর্বোচ্চ প্রযুক্তিবান্ধব সিনেপ্লেক্স ও ইলেকট্রনিক স্ক্রিন থাকবে, যেখানে ডিজিটাল মুভিসহ থ্রিডি ও ফোরডি চলচ্চিত্র প্রদর্শনের ব্যবস্থা থাকবে।
মন্ত্রী বলেন,‘আধুনিক তথ্য কমপ্লেক্সের মূল রূপই হলো ‘ডিজিটাল ইনফরমেশন সার্ভিস সেন্টার’। এখান থেকে নাগরিকরা বহুমুখী ডিজিটাল তথ্যসেবা পাবেন। এই সুবিধাগুলোকে জনপ্রিয় করতে এবং শিক্ষার্থীদের গবেষণায় উদ্বুদ্ধ করতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রচার লিফলেট বিতরণ করা হবে। এটি শুধু দর্শনীয় ভবন নয়; বরং বহুমুখী তথ্য, বিনোদন, জ্ঞান আহরণ ও গবেষণার কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।’
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেন, অপতথ্য ও ভুল তথ্য প্রতিরোধে বরিশাল বিভাগীয় এই আধুনিক তথ্য কমপ্লেক্সটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সঠিক তথ্য ও আধুনিক প্রযুক্তি জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এটি কার্যকর মাধ্যম হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ আলম, বরিশাল রেঞ্জের ডিআইজি জুলফিকার আলী হায়দার, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক আবদুল জলিল এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ বক্তব্য রাখেন।
স্বাগত বক্তব্যে প্রকল্প পরিচালক মনিরুজ্জামান জানান, ১৭ কোটি ৬৩ লাখ ৮৬ হাজার টাকা ব্যয়ে বরিশালে সাততলা বিশিষ্ট এই আধুনিক তথ্য কমপ্লেক্স ভবনটি নির্মিত হচ্ছে। পরে উপ-প্রকল্প পরিচালক রেজাউর রাব্বী মনির মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন।
১৬ আগস্ট ২০২৬
এ জি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur