চাঁদপুর শহরের নাজিপাড়ার কৃতী শিক্ষার্থী তানজির সিদ্দিকী সানবীম এবারের এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছে। সে চাঁদপুর আল-আমিন স্কুল অ্যান্ড কলেজ একাডেমির বিজ্ঞান শাখা থেকে এ সাফল্য অর্জন করে।
তানজির সিদ্দিকী সানবীমের বাবা আবু বক্কর সিদ্দিকী মিঠু। ছেলের এমন অসাধারণ ফলাফলে পরিবার, আত্মীয়স্বজন, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে আনন্দের বন্যা বইছে। তার এ কৃতিত্বে গর্বিত পরিবার সংশ্লিষ্ট শিক্ষকদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
তানজিরের পরিবারের সদস্যরা জানান, তার এই সাফল্যের পেছনে শিক্ষকদের আন্তরিক সহযোগিতা, পরিবারের উৎসাহ এবং তানজিরের নিয়মিত অধ্যবসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ভবিষ্যতেও সে যেন তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে, এজন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন তারা।
নিজের সাফল্যের অনুভূতি প্রকাশ করে তানজির সিদ্দিকী সানবীম জানায়, আপাতত তার স্বপ্ন বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করা। ভবিষ্যতে নিজের পড়াশোনা ও মেধাকে কাজে লাগিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে চায় সে। এ জন্য পরিবারের সদস্য, অভিভাবক, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া কামনা করেছে তানজির।
প্রতিবেদক: আশিক বিন রহিম/
১৩ আগস্ট ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur