নিষিদ্ধ ঘোষিত পলিথিনের ব্যবহার ও বিক্রির বিরুদ্ধে চাঁদপুরের পুরান বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয় ও জেলা প্রশাসন।
সোমবার (১০ আগস্ট) এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পুরান বাজারের মেসার্স জগবন্ধু সাহা স্টোর থেকে ১৫ কেজি এবং ভাই ভাই পেপার হাউজ থেকে ১০৮ কেজিসহ মোট ১২৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট দুই গোডাউনের মালিককে পৃথকভাবে ১০ হাজার ও ৩০ হাজার টাকা, মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ আদায় করা হয়।
জেলা প্রশাসন, চাঁদপুরের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্লাহ মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া। এ সময় পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
মোবাইল কোর্ট পরিচালনাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চাঁদপুর জেলা পুলিশের একটি দল সহযোগিতা করে।
পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, “নিষিদ্ধ ঘোষিত পলিথিনের ব্যবহার, উৎপাদন, মজুত ও বিক্রির বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান নিয়মিতঢভাবে পরিচালিত হচ্ছে। পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে নিষিদ্ধ পলিথিন ব্যবহার না করার জন্য ব্যবসায়ী ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।
প্রতিবেদক: সাইদ হোসেন অপু চৌধুরী,
১০ আগস্ট ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur