চাঁদপুরের কচুয়ার দহুলিয়া গ্রামে শত্রুতার জেরে এক কৃষকের লাউয়ের বাগান কেটে তছনছ করার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। শুক্রবার রাতে কে বা কারা কৃষক লিয়াকত হোসেনের প্রায় ৩০ শতাংশ জমিতে চাষ করা লাউয়ের বাগানের শতাধিক গাছ কেটে ফেলেছে। এতে বাগানে থাকা প্রায় ৫ শতাধিক লাউ নষ্ট হয়ে গেছে। এ ঘটনায় কৃষকের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক লিয়াকত হোসেন দীর্ঘ ৩০ বছর ধরে কৃষিকাজের সঙ্গে জড়িত। চলতি মৌসুমে তিনি নিজের ৩০ শতাংশ জমিতে লাউ ও প্রায় ২একর জমিতে অন্যান্য সবজি চাষ করেন। গাছগুলোতে প্রচুর লাউ ধরেছিল এবং সেগুলো আস্তে আস্তে বাজারজাত করছিলেন। কিন্তু শুক্রবার রাতে দুর্বৃত্তরা বাগানে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে একের পর এক লাউ গাছ কেটে ফেলে। একই সঙ্গে গাছে থাকা লাউও নষ্ট করে দেয়। শনিবার সকালে বাগানে গিয়ে গাছগুলো কাটা অবস্থায় দেখতে পান কৃষক লিয়াকত হোসেন এবং তার ছেলে মামুন হোসেন।
বিষয়টি স্থানীয়দের জানালে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়।
ক্ষতিগ্রস্ত কৃষক লিয়াকত হোসেন বলেন, অনেক আশা নিয়ে তিনি লাউ চাষ করেছিলেন। বাগানের গাছগুলোতে প্রচুর লাউ ধরেছিল। লাউ বিক্রি করে তিনি লাভবান হওয়ার আশা করছিলেন। কিন্তু রাতের আঁধারে কে বা কারা তার বাগানের গাছ কেটে সবকিছু নষ্ট করে দিয়েছে। এতে তিনি আর্থিকভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, কৃষকের বাগানে এভাবে রাতের আঁধারে গাছ কেটে দেওয়ার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। কৃষকের পরিশ্রম ও বিনিয়োগ নষ্ট করে দেওয়া হয়েছে।
তারা দ্রুত ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
৮ আগস্ট ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur