চাঁদপুরের কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নলুয়া গ্রামের বাসিন্দা মো. চাঁদ মিয়ার ছেলে মো. পলাশের বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার শেষ রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে বসতঘরসহ ঘরে থাকা আসবাবপত্র, মূল্যবান কাপড়চোপড়, গুরুত্বপূর্ণ কাগজপত্র, পাসপোর্ট এবং অন্যান্য মূল্যবান মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, এ ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনের খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতায় অল্প সময়ের মধ্যেই পুরো ঘরটি পুড়ে যায়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকান্ডে সর্বস্ব হারিয়ে মানবেতর অবস্থায় দিন কাটাচ্ছে ক্ষতিগ্রস্ত পরিবারটি।
স্থানীয় জনপ্রতিনিধি, সমাজের বিত্তবান ব্যক্তি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় সহায়তা প্রদানের আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
৭ আগস্ট ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur