বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আবারও বিশ্বকাপের ফাইনালে। শেষ মুহূর্তের দুর্দান্ত প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে শিরোপা ধরে রাখার মিশনের আরেক ধাপ পেরিয়ে গেল লিওনেল স্কালোনির দল।
স্থানীয় সময় বুধবার আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালের প্রথমার্ধে দুই দলই বেশ সতর্ক ফুটবল খেলায় ব্যস্ত ছিল। মাঝমাঠের লড়াই ও ঘনঘন ফাউলে জমে ওঠা ম্যাচে বিরতির আগে কোনো দলই গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধে ৫৫ মিনিটে প্রথম এগিয়ে যায় ইংল্যান্ড। মরগান রজার্সের নিখুঁত ক্রস থেকে গোল করে থ্রি লায়ন্সদের স্বপ্ন দেখান অ্যান্থনি গর্ডন। এরপর দীর্ঘ সময় এগিয়ে থেকেও শেষ রক্ষা করতে পারেনি ইউরোপের দলটি।
ম্যাচের ৮৫ মিনিটে দূরপাল্লার দুর্দান্ত শটে সমতা ফেরান এনজো ফার্নান্দেজ। গোলটি আর্জেন্টিনাকে নতুন করে ম্যাচে ফিরিয়ে আনে এবং যোগ করা সময়ে আক্রমণের চাপ আরও বাড়িয়ে দেয় তারা। অবশেষে ৯২ মিনিটে জাদু দেখান লিওনেল মেসি। তার নিখুঁত ক্রস থেকে হেডে জয়সূচক গোল করেন লাওতারো মার্তিনেজ। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই উল্লাসে ফেটে পড়ে আর্জেন্টিনা শিবির, আর হতাশায় মাঠ ছাড়ে ইংল্যান্ড।
এ জয়ের ফলে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিল আর্জেন্টিনা। শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের প্রতিপক্ষ হবে স্পেন, যারা প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে।
১৬ জুলাই ২০২৬
এ জি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur