Home / খেলাধুলা / ‘মেসিকে টিকিয়ে রাখতে আমাদের সঙ্গে অন্যায় হয়েছে’
মেসিকে

‘মেসিকে টিকিয়ে রাখতে আমাদের সঙ্গে অন্যায় হয়েছে’

মিসরের বিপক্ষে রোমাঞ্চকর এক জয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে ৩-২ গোলের নাটকীয় জয়ের পর মাঠের ফলের চেয়ে বেশি আলোচনা হচ্ছে রেফারিং ও বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে।

ম্যাচ শেষে মিসরের কোচ হোসাম হাসান অভিযোগ করেছেন, গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত তাদের বিপক্ষে গেছে। এমনকি ফিফা ও ম্যাচ পরিচালনার ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তিনি বলেন ‘আমাদের সঙ্গে অন্যায় হয়েছে। তারা (ফিফা) হয়তো মেসিকে টিকিয়ে রাখতে চেয়েছিল।’ মঙ্গলবার (৭ জুলাই) যুক্তরাষ্ট্রের আটলান্টা স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল। শুরু থেকেই আক্রমণাত্মক ছিল মিসর। ম্যাচের ১৪তম মিনিটে ইয়াসির ইব্রাহিমের হেডে এগিয়ে যায় তারা। প্রথমার্ধে পিছিয়ে থাকা আর্জেন্টিনা দ্বিতীয়ার্ধেও চাপে পড়ে।

৫৮তম মিনিটে মিসরের মোস্তফা জিকোর করা একটি গোল বাতিল করে দেন রেফারি। পরে ৬৭ মিনিটে আরও একবার এগিয়ে যায় মিসর। তবে শেষ দিকে নাটকীয়ভাবে ঘুরে দাঁড়ায় আর্জেন্টিনা। শেষ ১৩ মিনিটে তিনটি গোল করে ২-০ ব্যবধান থেকে ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় লিওনেল স্কালোনির দল।

তিনি বলেন, ‘বিশ্বচ্যাম্পিয়নদের চেয়ে আমরা ভালো খেলেছি। প্রায় সব দিকেই আমরা এগিয়ে ছিলাম। কিন্তু মাঠের ভেতরের কিছু সিদ্ধান্ত এবং মাঠের বাইরের কিছু বিষয় ম্যাচের ফলকে প্রভাবিত করেছে। তারা হয়তো চেয়েছিল বিশ্বচ্যাম্পিয়নরা টুর্নামেন্টে টিকে থাকুক। হয়তো তারা চেয়েছিল মেসি প্রতিযোগিতায় থাকুক।’ মিসর কোচ বলেন, ‘সবাই দেখেছে আমাদের খেলোয়াড়ের জার্সি টেনে ধরা হয়েছিল। অথচ সেটিও ভিএআরে দেখা হয়নি। মোহাম্মদ সালাহর ওপর হওয়া ফাউলের ঘটনায় সম্ভাব্য পেনাল্টি দেওয়া হয়নি, এমনকি ভিএআরেও দেখা হয়নি। আমাদের দ্বিতীয় গোলও অদ্ভুতভাবে বাতিল করা হয়েছে।’ হাসান জানান, আর্জেন্টিনা-মিসর ম্যাচে ফ্রাঁসোয়া লেতেক্সিয়েকে রেফারি নিয়োগ নিয়ে তাদের আপত্তি ছিল। তিনি বলেন, ‘ফ্রান্স-আর্জেন্টিনার অতীতের কারণে আমরা রেফারি নির্বাচনের বিরোধিতা করেছিলাম। কিন্তু শেষ পর্যন্ত ভুগতে হয়েছে আমাদেরই। ম্যাচ শেষে আমি রেফারিকে বলেছি, এটা অন্যায়।’

প্রচণ্ড আফসোস করে মিসর কোচ বলেন, ‘আমরা সম্মান বা ফেয়ার প্লে কিছুই পাইনি। বাস্তব জীবন অন্যায্য হতে পারে, কিন্তু খেলাধুলায়ও কেন ন্যায্যতা থাকবে না? এই ম্যাচের ফল এবং যেভাবে সবকিছু ঘটেছে, তাতে আমাদের সঙ্গে অন্যায় করা হয়েছে। এই টুর্নামেন্টের আর কোনো ম্যাচ আমি দেখব না।’

চাঁদপুর টাইমস ডেস্ক/
৮ জুলাই ২০২৬